এইচআইভির নতুন প্রতিষেধক বানিয়েছে যুক্তরাষ্ট্র
মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থায় কার্যকর কোষগুলোকে ধ্বংসকারী মরণব্যাধি এইচআইভির সহজলভ্য প্রতিষেধক তৈরি করেছে যুক্তরাষ্ট্র।
নিউ সায়েনটিস্টের প্রতিবেদনে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের চ্যাপেল হিলে নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ডেভিড মার্গোলিস ও তার সহযোগীরা এইচআইভির প্রতিষেধকের উন্নয়ন ঘটিয়েছেন। এই প্রতিষেধক মানবদেহে প্রচ্ছন্ন থাকা এইচআইভি ভাইরাসকে ধ্বংস করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।
হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরিট্রোভাইরাল থেরাপির (এইচএএআরটি) শক্তিশালী ওষুধের মাধ্যমে ইতিমধ্যে এইচআইভিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও ভাইরাসটি রোগীর দেহে নিষ্ক্রিয় অবস্থায় থেকে যায়। নতুন ওষুধটি ভাইরাসের নিষ্ক্রিয় অবস্থায় থেকে যাওয়ার সম্ভাবনাকেও নির্মূল করবে।
এইচএএআরটি ওষুধের কার্যকারিতা আরও বাড়াতে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রোগীদের এনফিউরভাইটাইড নামের ওষুধ প্রয়োগ করা হয় এবং পরে প্রয়োগ করা হয় ভ্যালপ্রোয়িক এসিড। এ এসিড সাধারণত মৃগী রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। গবেষকরা চারজন রোগীর ওপর পরীক্ষামূলকভাবে এটি প্রয়োগ করেন। এতে প্রচ্ছন্ন ও নিষ্ক্রিয় এইচআইভি ভাইরাস ৭৫ শতাংশ কমে যায়।
তাদের এ সফলতার ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গবেষক মার্গোলিস বলেন, এই তথ্য যদিও চূড়ান্ত কিছু নয়, তারপরও তা ভবিষ্যতে এইচআইভি নির্মূলের সম্ভাবনাই জ্ঞাপন করছে।
বিশ্বব্যাপী চার কোটি বয়স্ক লোক ও শিশু এইচআইভি’তে আক্রান্ত বলে ধারণা করা হয়। জানা গেছে, এইচআইভির ভয়াবহ বিস্তারের ফলে আফ্রিকার কিছু দেশ, বিশেষ করে জিম্বাবুয়ে, জাম্বিয়া ও সুইজারল্যান্ডের মানুষের গড় আয়ু ৩৩ বছরের নিচে নেমে গেছে।
