প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাঁচদিনের চীন সফরে ঢাকা ত্যাগ
পাঁচদিনের চীন সফর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার সকালে ঢাকা ত্যাগ করেছেন।
সকাল ৯টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানে করে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে এসময় মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, ঢাকার মেয়র, তিনবাহিনীর প্রধান ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চীন-বাংলাদেশ কূটনীতিক সম্পর্কের ত্রিশবছর পূর্তি এবং চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বাংলাদেশ সফরের পর তিনি চীন সফর করছেন।
সফরকালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সাথে বৈঠক করবেন। এছাড়া তার সফরকালে চীনের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
পাঁচদিনের সফর শেষে প্রধানমন্ত্রী ২১ মে দেশে ফিরবেন।
