২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশসহ ১০টি দেশে শৈশব ক্যান্সার প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান চালাবে ইউআইসিসি

প্রতি বছর বিশ্বে প্রায় এক লাখ ৬০ হাজারেও বেশি শিশু ক্যান্সারে আক্রান্ত হয় এবং এদের মধ্যে ৯০ হাজার শিশু মৃত্যুবরণ করে। তবে যথাযথ চিকিৎসার মাধ্যমে অধিকাংশ শিশুকেই এই করুণ পরিনতি থেকে রক্ষা করা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জাতীয় অধ্যাপক ও প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডা. এম আর খান এ কথা বলেন।

‘শৈশব ক্যান্সারের বিরুদ্ধে লড়াই: বিষয় যখন আমার শিশু’ শীর্ষক প্রচারাভিযান কার্যক্রম পরিচিত করার লক্ষ্যে এভেন্টিস লিমিটেড, ফাইসন্স বাংলাদেশ লিমিটেড এবং হোয়েকস্ট মেরিয়ন লিমিটেড’র সমন্বয়ে গঠিত সানোফি-এভেন্টিস বাংলাদেশ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেনস্ট ক্যান্সার (ইউআইসিসি) এবং সানোফি-এভেন্টিস যৌথ উদ্যোগে এবছর ‘শৈশব ক্যান্সারের বিরুদ্ধে লড়াই: বিষয় যখন আমার শিশু’ ব্যানারে শৈশব ক্যান্সারের বিষয়ে প্রচারাভিযান শুরু করেছে।

এদিকে বাংলাদেশ সহ মিশর, হন্ডুরাস, মরক্কো, ফিলিপাইন, সেনেগাল, তানজানিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা ও ভিয়েতনামেও এই প্রকল্প শুরু হচ্ছে।

এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, শৈশব ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়েতে সাহয্য করা। এছাড়াও রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যয়ে রোগ নিরূপণ ও চিকিৎসা সহায়তা করা, ক্যান্সারে আক্রান্ত শিশুদের সঠিক পরিচর্যা করার ক্ষেত্রে ও তাদের জীবন-যাপনের ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক দিক থেকে ফলপ্রসূ উন্নতি ঘটান।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ডা. দাবির আহমেদ, ডা. রেজাউল ফরিদ খান ও এম নাসিরুদ্দিন।

অধ্যপাক খান বলেন বর্তমানে শিল্পোন্নত দেশগুলোতে ক্যান্সার আক্রান্ত প্রতি চার জন শিশুর মধ্যে তিনজনকে সম্পূর্ণ রোগমুক্ত করা সম্ভব হচ্ছে কিন্তু উন্নয়নশীল এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া দেশে সমূহের শিশুদের ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে বেশি দেরি হয়ে যায় অথবা আদৌ রোগ নির্ণয় করা সম্ভব হয় না। ফলে সঠিক তথ্য এবং চিকিৎসার অভাবে তাদের বাঁচান সম্ভব হয় না।

বিশ্বে ক্যান্সার আক্রান্ত শিশুদের পাঁচ জনের ভেতর চারজনই এসব দেশে বসবাস করে। আর এদের ভেতর অর্ধেকেরই মৃত্যুবরণ করার সম্ভাবনা প্রবল।

বক্তারা বলেন, ক্যান্সারের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য উপযুক্ত জ্ঞান ও প্রশিক্ষণে আমাদের আরও বেশি সক্রিয় হওয়া প্রয়োজন। বিশেষ করে এ রোগ প্রতিরোধ ও রোগের প্রথম দিকেই রোগ নির্ণয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা এবং সামাজিক আচার-আচরণের পরিবর্তন ঘটানোর দিকে নজর দিতে হবে।

অধ্যাপক এমআর খান বলেন, এই প্রকল্পে শৈশব ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর সর্বশেষ তথ্যসমৃদ্ধ একটি রিপোর্ট ক্যান্সার দিবসে সর্ব সাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হবে এবং এ সমস্ত নতুন তথ্যের ওপর ভিত্তি করে শৈশব ক্যন্সার শিশু ও তার পরিবারের ওপর কি প্রভাব ফেলে তার ওপর আলোকপাত করে বিশ্বব্যাপী এ রোগের বিরুদ্ধে লড়াই ও সচেতনতার উদ্দেশ্যে প্রচারাভিযান চালানো হবে।