নাইকো চুক্তি তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি
কথিত পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র উন্নয়নের জন্যে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সের সঙ্গে সম্পাদিত চুক্তি তদন্তে সরকার নাটকীয়ভাবে উচ্চ পর্যায়ের তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
প্রধানমন্ত্রীর কর্যালয়ের মহা পরিচালক-২ শাহ আলম এ কমিটির প্রধান আর বাপেক্সে’র ব্যবস্থাপনা পরিচালক এম জামালউদ্দিন সদস্য সচিব। কমিটির অন্য সদস্য হলেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) শেখ আব্দুর রশিদ।
জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা মঙ্গলবার জানান, সোমবার সন্ধ্যায় কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ৩১ আগস্টের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে: ১). কোন ভিত্তিতে ফেনী, কামতা এবং টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করা হয়, এতে কোনো ত্রুটি ছিলো কি-না; ২). কোন পর্যায়ের কোন কর্তৃপক্ষের স্বাক্ষর এবং অনুমোদনক্রমে নাইকোর সঙ্গে ফ্রেমওয়ার্ক অব আন্ডারস্ট্যান্ডিং (এফওইউ) বা সমঝোতা কাঠামো স্বাক্ষর হয়, অনুমোদনের ভিত্তি কী ছিলো; এবং ৩). জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট (জেভিএ) বা যৌথ অংশীদারিত্ব চুক্তি বিধিসম্মত কি-না।
উৎপাদনে না থাকা অবস্থায় এ তিন গ্যাস ক্ষেত্র আওয়ামী লীগ আমলে ২০০০ সালের শেষের দিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে ১৯৯৭ সালের ২৭ এপ্রিল কানাডার নাইকো সরকারকে নিজ থেকে বাংলাদেশের পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র উন্নয়নে প্রস্তাব দেয়।
বিএনপি সরকারের আমলে ২০০৩ সালের ১৬ অক্টোবর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) নাইকোর সঙ্গে জেভিএ স্বাক্ষর করে। বাপেক্স রাষ্ট্রায়ত্ব তেল, গ্যাস, খনিজ কর্পোরেশন পেট্রোবাংলার একটি কোম্পানি।
এর আগে পেট্রোবাংলার সুপারিশক্রমে উৎপাদনে না থাকা গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস উৎপাদনের জন্যে বাপেক্স এবং নাইকোর মধ্যে এফওইউ স্বাক্ষর হয়। পেট্রোবাংলা ১৯৯৯ সালের ৩০ জুন এ সুপারিশ দিয়েছিলো।
সরকারি নথি থেকে উদ্বৃতি দিয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বাপেক্স, পেট্রোবাংলা, জ্বালানি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পর এফওইউটি স্বাক্ষরিত হয়। অন্যদিকে, তিনি জানান, পেট্রোবাংলা বোর্ড ৪০-পৃষ্ঠার জেভিএটি ২০ এর অধিক বোর্ড বৈঠকে পর্যালোচনা করে।
তিনি বলেন, একটি মজার বিষয় হলো পেট্রোবাংলা কখনোই আনুষ্ঠানিকভাবে ফেনী, কামতা এবং ছাতক গ্যাস ক্ষেত্রগুলো পরিত্যক্ত ঘোষণা করেনি; কিন্তু দাপ্তরিক সকল কাগজপত্রে এগুলোকে পরিত্যক্ত বা প্রান্তিক হিসেবে দেখায়।
সূত্র জানায়, উৎপাদন অংশীদারিত্ব চুক্তি (পিএসসি) কমিটি বলেছিলো, জেভিএ স্বাক্ষর হওয়ার আগে দু’টি বিষয়ের মীমাংসা হওয়া উচিত। এর একটি হলো ছাতক গ্যাস ক্ষেত্র বলতে শুধু ছাতকের পশ্চিম অংশকে বোঝানো এবং জেভিএ’তে সুইস চ্যালেঞ্জ পদ্ধতি অনুসরণের ব্যবস্থা।
আওয়ামী লীগ আমলে নাইকো বিষয়ক সর্বশেষ অগ্রগতি ছিলো জ্বালানি মন্ত্রণালয় থেকে পেট্রোবাংলায় পাঠানো একটি চিঠি। ২০০১ সালের ৩ জুলাই পাঠানো এ চিঠিতে জ্বালানি মন্ত্রণালয় নাইকো সম্পর্কে সর্বশেষ অবস্থা জানতে চায়। অমীমাংসিত বিষয়গুলো সম্পর্কেও পেট্রোবাংলার কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চায় জ্বালানি মন্ত্রণালয়।
বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় আসার পর বিষয়টি ঝুলে থাকলে এ নিয়ে আবার নাড়া চাড়া শুরু হয় যখন ২০০২ সালের ২১ জানুয়ারি পেট্রোবাংলা চেয়ারম্যান জ্বালানি সচিবকে একটি চিঠি দেন। এতে পেট্রোবাংলা জানায়, ছাতক ক্ষেত্রের সীমানা এবং প্রকল্পটিতে বিজিএফসিএল এবং এসজিএফএল’র অংশীদারত্বের বিষয়টি মীমাংসা হওয়া উচিত।
আলোচনা শেষে ২০০৩ সালের ১৬ অক্টোবর জেভিএ স্বাক্ষর হয়। জেভিএ অনুযায়ী নাইকো বর্তমানে ফেনী ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ করছে। আর গ্যাস ক্ষেত্র উন্নয়ন করতে গিয়ে কানাডীয় কোম্পানিটি চলতি বছরের জানুয়ারি এবং জুন মাসে দু’ দফা বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখে হয় টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্রে।
