বঙ্গবন্ধুর খুনীদের সাথে জিয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন শেখ হাসিনা
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকারীদের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন।
শেখ হাসিনা বলেছেন, প্রেসিডেন্ট জিয়া খুনীদের বিভিন্ন বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন।
বঙ্গবন্ধুর হত্যার রায় কার্যকর না করা ও হত্যাকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের কারণে বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা বাংলাদেশ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সমালোচনা করেছেন।
পিতৃভূমি টুঙ্গিপাড়া থেকে রাজধানী ঢাকা ফেরার পথে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার চানবাড়ীতে এক পথ সভায় হাসিনা এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের আদালতে খুনী সরকারের বিচার হবে।
বিচার-বহির্ভূতভাবে মানুষ হত্যা ও দেশে সন্ত্রাসের রাজ্য কায়েম করার জন্য শেখ হাসিনা বিএনপি-জামাত ক্ষসমতাসীন সরকারকে অভিযুক্ত করেন।
হাসিনা বলেন, বঙ্গবন্ধু সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন এবং মানুষের মুখে হাসি ফোটাবার জন্য সবসময় লড়াই করেছেন।
মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে নিজের রক্ত বিলিয়ে দেয়ার ঘোষণা দেন হাসিনা।
আবেগজড়িত কণ্ঠে বিরোধী দলীয় নেত্রী বলেন, বাবা-মা, ভাই ও অন্যান্য আত্মীয় স্বজনের নির্মম হত্যাকাণ্ডের কারণে গত ত্রিশটি বছর ধরে আমি এ বেদনার্ত জীবন বয়ে নিয়ে চলেছি।
হাজার হাজার লোক পথ সভায় উপস্থিত ছিল। নেত্রীকে এক নজর দেখার জন্য তারা গাড়ি বহর বেশ কয়েকবার থামিয়ে দেয়।
ভাঙ্গা বাস স্ট্যান্ডের কাছে অপর এক পথ সভায়ও শেখ হাসিনা ভাষণ দেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আব্দুল জলিল, সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, বাহাউদ্দিন নাসিম, লিয়াকত শিকদার, নজরুল ইসলাম বাবু এবং অপু উকিল শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন।
