বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে পুলিশের ব্যাপক ধরপাকড়, বিএনপি ক্যাডারদের হামলা
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকীর আগের দিনটি (রোববার) অতিবাহিত হয়েছে দেশের বিভিন্ন স্থানে পুলিশ কর্তৃক আওয়ামী লীগ নেতা কর্মীদের ব্যাপক ধরপাকড় এবং বিএনপি ক্যাডারদের হামলার মধ্য দিয়ে।
অবশ্য পুলিশ এই ধরপাকড়ের কথা অস্বীকার করেছে।
রাজধানীর লালবাগ, হাজারীবাগ ও কেরানীগঞ্জের আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচী এবং দেশব্যাপী অর্ধদিবস হরতাল বানচাল করার জন্য পুলিশ ব্যাপকভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করছে। ছাত্রলীগ নেতা মহিউদ্দিন এর বাড়িতেও পুলিশ অভিযান চালায় বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ। তাছাড়া নগরীতে বঙ্গবন্ধুর ছবিসম্বলিত পোস্টার বিএনপি ক্যাডাররা ছিঁড়ে ফেলেছে বলেও তারা অভিযোগ করেন।
বিডিনিউজ কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস পালন না করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দিয়েছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানায়, বিএনপির কিছু নেতা এবং বিএনপি সমর্থিত কেরানীগঞ্জ ইউপি চেয়ারম্যান সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালন না করার জন্য তাদেরকে হুমকি দেয়।
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, সাকতা ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান দিনটি পালন এবং কোনরকম তোরণ নির্মাণ না করার জন্য আওয়ামী লীগ নেতাদের হুমকি দেয়।
সেলিম আহমেদ নামে আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা অভিযোগ করেন, বিএনপি’র ওই নেতা ১৫ আগস্ট উপলক্ষে কোনরকম কর্মসূচি পালন যেন না করা হয়, এই মর্মে হুমকি দেন।
রহিতপুর এবং তারানগর ইউপি চেয়ারম্যানরাও অনুরূপ হুমকি দিয়েছে বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন।
এছাড়া কলাতলী ইউনিয়ন যুব দল নেতা চান মিয়া ১৫ আগস্ট হরতাল বা কোন কর্মসূচি যেন পালিত না হয়, সেজন্য সতর্ক করতে পুলিশ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে বাড়িতে যায়।
হুমকি সত্ত্বেও আওয়ামী লীগ দিনটি পালন উপলক্ষে কেরানীগঞ্জে মোট ১২৬ টি তোরণ নির্মান করেছে এবং কোরানখানি ও কাঙ্গালিভোজসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, রোববার হিজলায় আওয়ামী লীগ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে হামলা চালায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা। এই ঘটনায় জুলহাস, রহমান ও রাজ্জাক নামে তিন আওয়ামী লীগ কর্মী মারাত্মক আহত হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই কর্মসূচীর আযোজন করে আওয়ামী লীগ। বিএনপি ক্যাডাররা উপজেলায় কোন প্রকার মিছিল না করার জন্যও হুমকি দেয়। এলাকায় কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
