২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী হত্যা চেষ্টা মামলায় হুইপ পুত্র পবনের বিরুদ্ধে চাজর্শিট

চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র আখতার হামিদ পবনের (২৪) বিরুদ্ধে দায়েরকৃত বংশাল রোডের এক ব্যবসায়ীকে হত্যা প্রচেষ্টা ও দোকান ভাংচুরের মামলায় রোববার আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা বিভাগের পরিদর্শক রুহুল আমিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে ১৩ জনকে সাক্ষী করা হয়েছে এবং চারটি আলামত থাকার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া পবনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অপর দু’টি মামলা এবং চারটি জিডি থাকার কথাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, অভিযুক্ত পবন চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টায় বংশাল চুড়িওয়ালা গলির সীম টেলিটক নামের ফোন ফ্যাক্সের দোকানে দুই মিনিট কথা বলে। কিন্তু সে মামলার বাদী ব্যবসায়ী আলমগীর হোসেনকে এক মিনিটের ফোন বিল দিতে চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পবন দোকান থেকে চলে যায়।

পরে বিকেল ৩টার দিকে পবনের ২/৩ জন সহযোগী ফিরে এসে ব্যবসায়ী আলমগীরকে খুন করার উদ্দেশ্যে এয়ারগান দিয়ে গুলি চালায় এবং দোকান ভাংচুর করে।

এ ঘটনায় ব্যবসায়ী আলমগীর অজ্ঞাতনামা যুবক উল্লেখ করে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পবনকে গ্রেফতার করা হয়। তখন এজাহারে পুলিশ উল্লেখ করে যে, সন্ত্রাসী পবনের ভয়ে বাদী তার নাম এজহারে উল্লেখ করেননি।

এরপর পবনকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।