খিটখিটে স্বভাব নারীদের হৃদরোগের ঝুঁকি বাড়ায়
খিটখিটে স্বভাবের নারীদের এবার সাবধান করে দিচ্ছেন খোদ চিকিৎসকরাই।
যে নারীরা সবসময়ই মেজাজ খারাপ করেন তাদের প্রভাব যে শুধু আশপাশের লোকজনের ওপরই পড়বে তা কিন্তু নয়, বরং নিজের স্বাস্থ্য ও সুস্থতাও এ কারণে সরাসরি হুমকির সম্মুখীন।
চিকিৎসকরা গবেষণা চালিয়ে দেখেছেন, খিটখিটে মেজাজের কারণে নারীদের হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। এ কথা শুনে পুরুষদের আনন্দে লাফানোর কোনও কারণ নেই। এর আগে তারা পুরুষদের ওপরও একই ধরনের গবেষণা চালিয়ে দেখেছেন, অতিরিক্ত মেজাজ খারাপ তাদের জন্যও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
যুক্তরাষ্ট্রের পেনিসিলভেনিয়ার পিটসবার্গ ইউনিভার্সিটির গবেষকরা ৫০৬ জন মহিলার ওপর গবেষণা চালান। তারা মহিলাদের রাগের পরিমাপ, সন্দেহপ্রবণতা, রুক্ষতর আচরণ ও মারামারি করার প্রবণতার ওপর গবেষণা চালান। গবেষকরা দেখেছেন, যেসব নারীর মধ্যে এ সমস্ত আচরণ ব্যাপক পরিমাণে রয়েছে তাদের হৃদরোগ, স্ট্রোক ও বুকে ব্যথার ঝুঁকি বেশি। সম্প্রতি সাইকোমেটিক মেডিসিন পত্রিকায় তাদের এ গবেষণাটি প্রকাশিত হয়।
গবেষণায় দেখা গেছে, যেসব নারীরা প্রায় সময়ই রেগে আগুন হয়ে থাকেন তাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা অপেক্ষাকৃত কম থাকে এবং ব্লাড প্রেসারের ঝুঁকি বেশি থাকে। তাদের কোমরের মাপ অনেক বড় হয়ে থাকে।
গবেষকরা বলছেন, এসব ঝুঁকিপূর্ণ প্রবণতা যে নারীদের আছে তাদের পরবর্তী পাঁচ বছরে হৃদরোগ বা অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা পর্যন্ত রয়েছে।
