টেংরাটিলা দুর্ঘটনা: এককভাবে নাইকোকে দায়ী করে তদন্ত রিপোর্ট পেশ
টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ফিল্ডে জুন মাসে রিলিফ কূপ খননকালে দুর্ঘটনার জন্যে কানাডিয়ান কোম্পানি নাইকোকে দায়ী করে শনিবার তদন্ত কমিটি রিপোর্ট পেশ করেছে।
রিপোর্টে বলা হয়েছে, নাইকোর ত্রুটির কারণেই গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ডটি ঘটে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত কমিটির আহ্বায়ক ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের কাছে সকালে এ রিপোর্ট হস্তান্তর করেন।
এসময় তদন্ত কমিটির সদস্যদের মধ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নুরুল ইসলাম, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক রহমান মোর্শেদ, পেট্রোবাংলার সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী শহিদুর রহমান, হাইড্রোকার্বন ইউনিটের মীর ময়নুল হক এবং সদস্য সচিব ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবদুর রশীদ উপস্থিত ছিলেন।
ড. আনোয়ারুল আজিম সাংবাদিকদের বলেন, কমিটির কোনো কোনো সদস্য নাইকোর সাথে জয়েন্ট ভেঞ্চার চুক্তি বাতিলের পক্ষে মত দিয়েছেন। কিন্তু এটি কমিটির কার্যপরিধির মধ্যে ছিল না বলে রিপোর্টে এ বিষয়ে কোনো সুপারিশ দেওয়া হয়নি।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, নাইকোর এ দুর্ঘটনা নিয়ে তিনটি কমিটি কাজ করছে। কেবল একটির রিপোর্ট পাওয়া গেছে। বাকি দুই কমিটির রিপোর্ট পাওয়ার পর আইন বিশেষজ্ঞের মতামত নিয়ে নাইকোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এগারো পৃষ্ঠার এ রিপোর্ট নিয়ে কমিটির এক সদস্য বিডিনিউজকে বলেন, টিওআর (টার্মস অব রেফারেন্স) অনুযায়ী আমরা কয়েকটি বিষয় পর্যালোচনা করেছি। এর ভিত্তিতে কমিটি মনে করে জয়েন্ট ভেঞ্চার চুক্তি (জেভিএ) অনুযায়ী নাইকো একক অপারেটর। ফলে রিলিফ কূপের দুর্ঘটনার জন্যে তারা এককভাবে দায়ী, বাপেক্স নয়।
টিওআর অনুযায়ী কমিটিকে দেখতে বলা হয়েছিল, নাইকোর খনন পরিকল্পনা যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে কিনা। জেভিএ অনুসারে যৌথ ব্যবস্থাপনা কমিটি সর্বোচ্চ কর্তৃপক্ষ। তারা এ খনন পরিকল্পনা অনুমোদন করেছিল বলে কমিটির অপর এক সদস্য জানান।
নাইকোর খননকালে চলতি বছরের ৭ জানুয়ারি প্রথম দুর্ঘটনা ঘটে। এ আগুন নেভাতে পরে রিলিফ কূপ খননকালে ২৪ জুন আবার দুর্ঘটনা ঘটে। ওই দিনই এর কারণ অনুসন্ধানের জন্যে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে এ কাজের জন্যে ১৫ দিন সময় দেওয়া হয়। পরে কাজের জন্যে আরও ১৮ দিন সময় বাড়ানো হয়। সে সময়সীমা শেষ হয় ২৯ জুলাই।
এদিকে এ দুর্ঘটনায় কী পরিমাণ গ্যাস পুড়ে গেছে, তা নির্ধারণের জন্যে একটি কমিটি গঠন করা হয়। তারা এখনো রিপোর্ট দেয়নি। আর দুর্ঘটনার কারণে পরিবেশের ক্ষয়ক্ষতি নির্ধারনে অপর একটি কমিটি কাজ করছে।
