২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী হত্যাকান্ডে প্রধানমন্ত্রী, হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আততায়ীর হাতে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মণ কাদিরগামারের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় শনিবার গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানও শোক প্রকাশ করেন ।

শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার কাছে প্রেরিত এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, ‘শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী কাদিরগামারের এই নৃশংস হত্যাকান্ডে আমি গভীরভাবে মর্মাহত’। প্রধানমন্ত্রী বলেন, কাদিরগামার একজন অসাধারণ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ব, বিশেষ করে দক্ষিণ এশিয়া একজন শান্তিপ্রিয় মানুষ হারালো।

বার্তায় বেগম খালেদা জিয়া বলেন, বাংলাদেশের সরকার ও জনগন এই নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানায়। এই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আটক এবং বিচারের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শ্রীলংকার প্রেসিডেন্ট কুমারাতুঙ্গার উদ্দেশ্যে বলেন, আমি আপনাকে এবং আপনার মাধ্যমে শ্রীলংকার জনগন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এর পাশাপাশি তার পরিবার যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি অর্জন করতে পারে, সে জন্য প্রার্থনা করছি।

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর এই হত্যাকান্ডে গভীর শোক প্রকাশ ও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, কাদিরগামার সন্ত্রাসের বিরুদ্ধে আপোসহীন সংগ্রামী ছিলেন। তাঁর সন্ত্রাস বিরোধী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি নিহত শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর শোক সন্তপ্ত পরিবার ও শ্রীলংকার জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রেসিডেন্ট কুমারাতুঙ্গার কাছে প্রেরিত অপর এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী কাদিরগামারের নৃশংস হত্যাকান্ডে গভীর শোক প্রকাশ করে বলেন, কাদিরগামার তাঁর বিচক্ষণতা ও দুরদর্শী রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের জনগণের মনে উচ্চ আসন গড়ে নিতে সক্ষম হয়েছিলেন। তাঁর অকাল মৃত্যুতে দক্ষিণ এশিয়া শান্তি ও সমৃদ্ধিতে প্রতিশ্রতিবদ্ধ এক নেতাকে হারালো।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন।