২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া এখন আতংকের নগরী, সিরিজ বোমা হামলায় নিহত ১ জন, আহত শতাধিক

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার খড়মপুরে ঐতিহ্যবাহী হয়রত সৈয়দ আহম্মদ গেছুদরাজ শাহপীর কল্লা শহীদ (রহ.) মাজারে শুক্রবার রাতে ভয়াবহ বোমা হামলার পর পুরো এলাকায় এখন আতংক বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

তবে কঠোর নিরাপত্তার মধ্যেই মাজার এলাকায় চলছে ওরশের কাজ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব। বিডিআর সদস্যদেরও সেখানে তলব করা হয়েছে।

পুরো আখাউড়ার স্পর্শকাতর এলাকায় এখন র‌্যাবের একাধিক টিম টহল দিচ্ছে। পুলিশ ঘটনার পর সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

শুক্রবার মধ্যরাতে সিরিজ বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত একজন মরা গেছে। আহত হয়েছে শতাধিক। নিহতর নাম মোসাহেব আলী (৪০)। তার বাড়ি নারায়নগঞ্জের বারদী গ্রামে। বোমা হামলাকারী সন্দেহে পুলিশ আহতদের মধ্যে দুজনকে আটক করেছে।

ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বনমালী ভৌমিককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

পুলিশ ও প্রত্যদর্শী জানায়, গত কয়েক যুগ ধরে কল্লা শহীদ মাজারে চলে আসা ওরশ গত বুধবার শুরু হয়। সারাদেশ থেকে ওরশে লক্ষাধিক লোকের সমাগম ঘটে।

সপ্তাহব্যাপী ওরশের তৃতীয় দিন শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে মাজারের প্রধান গেটে দানবাক্সের সামনে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এরপর ১৫ মিনিটের মধ্যে একের পর এক ব্রীজের কাছে, মাজারের খাদেম অফিসের সামনে, মাজার মাঠে, আখাউড়া রেলওয়ে স্কুলের সামনে এবং রাস্তাসহ বিভিন্ন স্থানে ১১টি বোমার বিস্ফোরণ ঘটে।

সিরিজ বোমা হামলার সময় মূহুর্তের মধ্যেই এলাকায় নারকীয় পরিবেশের সৃষ্টি হয়। হাজার হাজার আতংকিত নারী পুরুষ প্রাণ বাঁচাতে দিগবিদিক ছুটতে থাকে।

বোমা হামলার খবর পেয়ে রাতেই জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর রহমান, পুলিশ সুপার এটিএম তারেক, পৌর চেয়ারম্যান নুরুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার স্থানীয় সাংসদ মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভোর রাতে গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি বলে আহতদের অনেকের অভিযোগ। বাকীদের আখাউড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, বোমা আতঙ্কের মাঝেও আগত ভক্ত মুরিদরা ওরশে যোগদান অব্যাহত রেখেছেন। মাজার কমিটিও ওরশ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

মাজার প্রাঙ্গণের এখানে সেখানে এখন শুধুই রক্তের ছোপ ছোপ দাগ। আহতদের ছিন্ন ভিন্ন পোশাক আশাক, জুতা স্যােন্ডল এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর রহমান বিডিনিউজকে জানান, পরিস্থিতি মোকাবিলায় বিডিআর তলব করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত তাজা বোমার সন্ধান পেয়ে তা উদ্ধার করেছে।

এদিকে বিভিন্ন টিভি চ্যানেল ও সংবাদপত্রে বোমা হামলার ঘটনা প্রচার হওয়ার পর আত্মীয় স্বজনের খোঁজে শনিবার শত শত মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে ভীড় জমায়। আহত ও তাদের স্বজনদের আর্তনাদে হাসপাতালের বাতাস ছিলো ভাড়ী।

হতাহতদের মধ্যে অনেকে নিকট আত্মীয়দের খোঁজ না পেয়ে হাসপাতাল প্রাঙ্গণে অশ্রুসিক্ত হয়ে পড়ে। স্থান সংকুলানের অভাবে ও চিকিৎসক সল্পতার কারণে আহতদের অনেককেই হাসপাতালের বারান্দায় বা মেঝেতে পড়ে কাতরাতে দেখা যায়।

ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হচ্ছে-রফিক (৪৫), সাহেদ (৫৫), আব্দুল আউয়াল (৪৫), আবু তাহের (৪৫), মমতাজ উদ্দীন (৪০), আকবর আলী (৫৫), অজ্ঞাত পরিচয়ের দুই যুবক (২২) ও (৩০), বাদল (২৩), বাকাউল (১৫), রেজাউল করিম (১৭), মনির হোসেন (৫০), বদু মিয়া (৭০), জালাল উদ্দিন (৩৫), শুক্কুর বিবি(৪৫), শাহার বানু (৪৫), কালু ফকির (৬০), আল আমিন (১৬), শারমিন (৪), কামরুল (২৬), দীপু (১৪), আলী খান (২৩), আব্দুল বারী (৫০) এবং আসাদ উল্লাহ (২৫)।

এছাড়া আখাউড়া স্বাস্থ্য কেন্দ্রে আরো ১৭ জনকে ভর্তি করা হয়। বাকীদের আখাউড়া স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আখাউড়া পৌরসভা চেয়ারম্যান নুরুল হক ভূঁইয়া বিডিনিউজকে জানান, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়েছে হামলাকারীরা।

পুলিশ সুপার এটিএম তারেক ঘটনার সম্পর্কে বলেন, কে বা কারা, কেন ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেই ঘটনার কারণ বের করতে পুলিশ কাজ শুরু করবে।

সিলেট মাজারে বোমা হামলার পর সারাদেশেই মাজার ও ওরশের স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। খড়মপুর মাজারে ওরশ শুরুর প্রথম থেকেই নবীনগর সার্কেলের এএসপি কায়েম উদ্দিনের নেতৃত্বে ১০৫ জন পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এমন কঠোর নিরাপত্তার মধ্যে কিভাবে এমন সিরিজ হামলা হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

গত ২৪ জুন ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া ও ভাদুঘরে আহমদিয়া মসজিদ এবং বাড়িঘরে বোমা হামলার সঙ্গে খড়মপুরের বোমা হামলার সম্পর্ক রয়েছে বলে অনেকেই মনে করছেন।

স্থানীয় সাংসদ মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বিডিনিউজকে বলেন, মাজার বিরোধীরাই এই হামলা চালিয়েছে।

এদিকে শনিবার স্থানীয় পত্রপত্রিকায় ‘ইসলামী আইন বাস্তবায়ন পরিষদের’ একজন নেতার মাজার বিরোধী বক্তব্যকে কেন্দ্র করে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ওই নেতার বিবৃতিতে মাজারে কুফরি ও নাচগান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। খড়মপুর মাজার সম্পর্কে স্থানীয় জামাতে ইসলামী নেতাদের বিভিন্ন সময় দেওয়া বক্তব্য আলোচনায় আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মাজার কমিটির একজন নেতা বিডিনিউজকে বলেন, যারা বিভিন্ন সময় এ মাজারকে টার্গেট করে বক্তব্য দিয়েছে, তারাই এ হামলা চালিয়েছে বলে আমাদের ধারণা।

খড়মপুর মাজারে বোমা হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।