ত্রিপুরায় শিক্ষার্থীরা বাজে শিক্ষকদের যেভাবে শিক্ষা দিলো
দুর্ব্যবহারের জন্য চরম মাশুল দিতে হলো ভারতের ত্রিপুরার একটি স্কুলের শিক্ষকদের। শিক্ষার্থীরা বাজে আচরণকারী শিক্ষকদের শিক্ষা দিতে সারাদিন আটকে রাখে।
ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে জাম্বুরা গ্রামের একটি হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা কমপক্ষে ২৪ জন শিক্ষককে একটি শ্রেণীকক্ষে দিনভর আটকে রাখে। পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একদল পুলিশ এসে তাদের উদ্ধার করে।
জানা গেছে, ওই স্কুলের শিক্ষকরা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতেন না, মদ্যপ অবস্থায় থাকতেন এবং শ্রেণীকক্ষের ভেতরে ধূমপান করতেন। এসব কারণে ছাত্র-ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে বুধবার এ চরম পদক্ষেপ নেয়।
ঘটনাস্থলের নিকটস্থ খোয়াই মহকুমার ম্যাজিস্ট্রেট বশির আলী বিডিনিউজ সংবাদদাতাকে বলেন, ‘কয়েকজন গ্রামবাসী আমাকে শিক্ষকদের আটকে রাখার বিষয়টি জানায়। পরে আমি পুলিশ নিয়ে তাদের উদ্ধার করতে যাই’।
তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের ক্ষিপ্ত হওয়ার যথেষ্ট কারণ আছে। কেননা বেশ ক’জন শিক্ষক নিয়মিত দেরি করে আসতেন অথবা আদৌ ক্লাসে আসতেন না।
ম্যাজিস্ট্রেট স্কুল কর্তৃপক্ষকে আগামী সপ্তাহের মধ্যে ছাত্র-ছাত্রীদের অভিযোগের ব্যাপারে তাদের জবাব দিতে বলেছেন।
ম্যাজিস্ট্রেট বশির আলী জানান, শিক্ষকরা মাতাল অবস্থায় স্কুলে আসতেন এবং শ্রেণীকক্ষের ভেতরে ধূমপান করতেন বলে অভিযোগ রয়েছে। তবে তাৎক্ষনিকভাবে এসব অভিযোগের প্রমান পাওয়া যায়নি।
