খুলনার ‘সারপেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট‘ অনুমোদনের অপেক্ষায়
খুলনা শহরে পানি সমস্যা সমাধানে গৃহীত ‘সারপেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ প্রকল্পটি দীর্ঘদিন ধরে পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফলে নগরবাসীর ভোগান্তি কমছে না।
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) সূত্র জানায়, নগরবাসীর জন্য প্রতিদিন পানির প্রয়োজন তিন কোটি গ্যালন। এর বিপরীতে সিটি কর্পোরেশন সরবরাহ করছে মাত্র দেড় কোটি গ্যালন পানি।
নগরবাসীর এ পানি সংকট ঘোচাতে কেসিসি এক বছর আগে ‘সারপেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ প্রকল্প গ্রহণ করে তা অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠায়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩শ‘ ৯৪ কোটি টাকা। কিন্তু এখনো ওই প্রকল্পের অনুমোদন মেলেনি।
প্রকল্পটি অনুমোদন প্রাপ্ত না হওয়ায় কেসিসি’র মেয়র শেখ তৈয়েবুর রহমান সরকারের প্রতি বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, খুলনাবাসীকে প্রতিশ্র“তি দেয়া সত্ত্বেও পানি সম্যসার সমাধান করতে পারছি না। কিন্তু এই সমস্যার সমাধান করতেই হবে।
কেসিসি সূত্র জানায়, অন্যান্য সিটি কর্পোরেশনের থেকে খুলনা সিটি কর্পোরেশনের বরাদ্ধ সবচেয়ে কম। খুলনা সিটি কর্পোরেশন ৩৪ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ‘পানি সরবরাহ’ প্রকল্পের তিন কোটি টাকার কাজ শেষ করেছে। চলতি অর্থ বছরে প্রকল্পের মূল কাজ শুরু হবে। কিন্তু এই প্রকল্পে মাত্র আট কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মেয়র তৈয়েবুর রহমান বলেন, এছাড়া যানজট নিরসন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে চার কোটি টাকা। এই প্রকল্পে আরও আড়াই কোটি টাকা প্রয়োজন।
এ ব্যাপারে কেসিসি মেয়র বিডিনিউজকে বলেন, এই বরাদ্দ না পাওয়া গেলে প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন সম্ভব হবে না।
মেয়র জানান, নগরবাসীর এসব সমস্যা নিরসনে গত ৭ আগস্ট এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে তিনি দিনব্যাপি এক বৈঠকে মিলিত হন। তিনি মন্ত্রীকে বলেন, ‘সারপেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট‘ প্রকল্পটি দ্রুত একনেকে পাস করিয়ে তা বাস্তবায়ন করতে হবে। মন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান।
