সংস্থাপন মন্ত্রণালয়ে দুমাস ধরে আটকে রয়েছে বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তার পেনশনের ফাইল
অবসরে যাওয়া শতাধিক অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব উপ সচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের শতাধিক কর্মকর্তার পেনশন সুবিধার ফাইল দুমাস ধরে সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় আটকে রয়েছে।
অবসরে থাকা ওইসব কর্মকর্তা প্রতিদিন সংস্থাপন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ধর্ণা দিলেও সংশ্লিস্ট শাখা থেকে পেনশন সুবিধার ফাইল ছাড়া হচ্ছে না বলে সংশ্লিষ্টরা বিডিনিউজকে জানান।
নিয়মানুযায়ী, অবসরে যাওয়া কর্মকর্তা পেনশনের ফরম পূরণ করে জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট শাখা থেকে যাবতীয় কার্যক্রম শেষ করার কথা। কিন্তু সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসন শাখার কর্মকর্তাদের খুশি না করলে ফাইল নিয়ে ভোগন্তির শিকার হতে হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
সংশ্লিষ্টরা জানান, দুমাস আগে অবসরে যাওয়া যুগ্ম সচিব আসাদুজ্জামান, উপসচিব জালালউদ্দিন ও সিনিয়র সহকারী সচিব আমিনুল ইসলামকে পেনশনের জন্যে প্রতিদিন ঘুরতে দেখা যায়।
দুমাস আগেও প্রশাসনে অত্যন্ত প্রভাবশালী ছিলেন এসব কর্মকর্তা। কিন্তু অবসরে যাওয়ার পর থেকে তাদেরই এক সময়ের অধ্বঃস্তন কর্মকর্তাদের দ্বারে ঘুরতে হচ্ছে।
এ ব্যাপারে সংস্থাপন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব শাকিলা জেরিন আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।
