চট্টগ্রাম বন্দরে কাজের গতি বেড়েছে, তবে সেবার মান নিয়ে সন্তুষ্ট নয় ব্যবহারকারীরা
গত ২০০৪--০৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দরের উৎপাদনশীলতা বৃদ্ধি ও জাহাজের গড় অবস্থান সময় কমে এসেছে। তবে বন্দরের সেবার মান নিয়ে সন্তুষ্ট নয় ব্যবহারকারীরা।
চ্টগ্রাম বন্দর কতৃপক্ষ (চবক) সূত্র জানায়, ২০০৪--০৫ অর্থবছরে কন্টেইনার হ্যান্ডেলিং বৃদ্ধি পেয়েছে প্রায় ১৪ দশমিক ০৫ শতাংশ। এ সময়ে কার্গো হ্যান্ডেলিং বেড়েছে পাঁচ শতাংশ।
একই সময়ে বন্দরে জাহাজের গড় অবস্থান সময় কমে তিন দশমিক ৯ দিনে দাঁড়িয়েছে। যা আগের বছর অর্থাৎ ২০০৩--০৪ অর্থবছরে ছিল চার দশমিক ৫ দিন।
সূত্র মতে, গত বছর কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে ছয় লাখ ৪৬ হাজার ২৫৯ টিইইউএস ও কার্গো হ্যান্ডেলিং হয়েছে দুই কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৩৮৯ মেট্রিক টন। যা ২০০৩--০৪ অর্থবছরে ছিল যথাক্রমে পাঁচ লাখ ৫৯ হাজার ২৫৭ টিইইউএস এবং এক কোটি ৯৩ লাখ ৯১ হাজার ২৯৬ মেটিক টন।
বিগত বছরে বন্দরের কার্যক্রম সম্পর্কে চবকের পরিচালক (ট্রাফিক) আহসানুল কবির বিডিনিউজকে জানান, এই সময়ে ওয়ান স্টপ সার্ভিস চালু, রাবার গ্রান্ট্রি ক্রেনসহ বেশকিছু যন্ত্রপাতি আমদানি করা হয়েছে। এতে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুন বেশি পণ্য হ্যান্ডেলিং করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, বন্দরের যে যন্ত্রপাতি ও ইয়ার্ড রয়েছে, তাতে বছরে দুই লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডেলিং করা যায়। অথচ গত বছর এখানে ধারণ ক্ষমতার তিনগুনেরও বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে। বিশ্বের যে কোন আধুনিক বন্দর ধারণ ক্ষমতার মাত্র ৭০ শতাংশ ব্যবহার করে থাকে।
এদিকে কর্তৃপক্ষ আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বন্দরে পন্য হ্যান্ডেলিং বৃদ্ধির দাবি করলেও ব্যবহারকারীরা সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
তারা বলছেন, বিগত বছর কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিলেও সেবার মান মোটেই সন্তোষজনক নয়। বন্দরে আমদানি রপ্তানিকারকদের ভোগান্তি কমেনি। বরং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের হাতে ব্যবহার কারীরা জিম্মি হয়ে রয়েছে।
এ ব্যাপারে পোর্ট ইউজার্স ফোরাম ও শিপিং এজেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান ড. পারভেজ সাজ্জাদ আকতার বিডিনিউজকে বলেন, এখনও চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থান সময় আশেপাশের বন্দরের তুলনায় অনেক বেশি। জাহাজের গড় অবস্থান সময় অবশ্যই দুই দিনে নামিয়ে আনতে হবে।
তিনি উল্লেখ করেন, বন্দরে চাহিদার চেয়েও অনেক বেশি শ্রমিক কাজ করছে। এই অতিরিক্ত শ্রমিকদের কাজ নিশ্চিত করতে গিয়ে কর্তৃপক্ষ ব্যবহারকারিদের হয়রানি করছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি এমএ লতিফ বিডিনিউজকে বলেছেন, বন্দরে ঘুষের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। টিআইবি বন্দরের ঘুষের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করলেও কর্তৃপক্ষ এই ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।
