উত্তরায় সড়ক দুর্ঘটনায় ডিসিসি কর্মচারি নিহত, আহত ৪
রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) এক মহিলা কর্মচারি নিহত এবং আরও চারজন আহত হয়েছে।
নিহত সিটি কর্পোরেশন কর্মচারি মতিজান (৩৫) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নাগরাকুরা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তার বাসা উত্তরার ১১ নম্বর সেক্টরে।
আহত জেসমিন (৩০), আরজান (২৮), রবি (৩০) ও আসগর (৩৫)কে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠনো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিসিসি’র একটি ময়লাবাহী ট্রাককে অপর একটি কাভার্ড ভ্যান আঘাত করে। এতে ট্রাকটি উল্টে পাশের একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মতিজান প্রাণ হারান। দুর্ঘটনার সময় নিহত ও আহতরা ট্রাকে অবস্থান করছিল।
ঘাতক ভ্যানটিকে আটক করা যায়নি।
