সাংবাদিকরা ক্রমেই হচ্ছেন অধিকার হারা
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত গোল টেবিল বৈঠকে সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ বলেছেন, এখন দেশে সাংবাদিকরা প্রচণ্ড ঝুঁকি নিয়ে কাজ করছেন।
নানা রকম অদৃশ্য স্থানের নির্দেশে কাজ করতে হচ্ছে সংবাদ মাধ্যমকে। এ অবস্থায় অধিকার হারা হচ্ছেন সাংবাদিকরা। বুধবার জাতীয় প্রেসকাবে ‘বাংলাদেশের সংবাদপত্র এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। তারা সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের জন্য একটি পৃথক নীতিমালা এবং সেই নীতিমালার আলোকে প্রেস কমিশন গঠনের দাবি জানান।
বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সাংবাদিক এবিএম মুসা, কেজি মুস্তফা, আতাউস সামাদ, সাইফুল বারী, মাহফুজ আনাম, আতিকুল্লাহ খান মাসুদ, হাবিবুর রহমান মিলন, শাইখ সিরাজ, শিক্ষক নেতা অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকী, ব্যারিষ্টার রোকনুদ্দিন মাহমুদ প্রমুখ।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান। বৈঠকটি পরিচালনা করেন বিএফইউজের সাধারণ সম্পাদক মন্জুরুল আহসান বুলবুল।
অধ্যাপক গোলাম রহমান বলেন, অর্থমন্ত্রী এবং আইনমন্ত্রী সংবাদ পত্রের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি প্রধানমন্ত্রীও সংসদে আইনমন্ত্রীর মন্তব্যকে সমর্থন দিয়ে বক্তব্য দিয়েছেন। সরকার মাঝে মাঝে যেভাবে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে ব্যাখ্যা দিচ্ছে, তাতে আমার আশঙ্কা, সংবাদপত্রের স্বাধীনতার ওপর এক ধরনের দমন পীড়ন নেমে আসবে।
তিনি বলেন, এমনিতেই মিডিয়ার ওপর অদৃশ্য হস্তক্ষেপের নমুনা রয়েছে। প্রভাব রয়েছে পেশীশক্তি ও অপশক্তির। সরকারিভাবে দমন পীড়ন চলতে থাকলে জনগণের দাঁড়াবার আর কোনো জায়গা থাকবে না। কারণ সংবাদপত্রই জনগণের শেষ আশ্রয়স্থল।
হাবিবুর রহমান মিলন বলেন, সংবাদপত্রে কাজ করা সব সময়েই ঝুঁকিপূর্ণ। সবাই বলে বস্তুনিষ্ট সাংবাদিকতার কথা। কিন্তু যেখানে জীবনের নিরাপত্তা থাকে না সেখানে বস্তুনিষ্ট সংবাদ কিভাবে সম্ভব!
তিনি সম্পাদকদের সমন্বয়ে একটি ফোরাম গঠনের আহবান জানান।
শাইখ সিরাজ বলেন, যে ধারায় ইলেক্ট্রনিক মিডিয়া এগুচেছ, তা আদৌ টেকে কিনা, সে বিষয়ে আমরা সন্দিহান। বেসরকারি চ্যানেলের জন্য নেই নীতিমালা। নীতিমালা না থাকার সুযোগে ভিন দেশী চ্যানেলগুলো আগ্রাসন চালাচেছ। ফলে আমরা হুমকির মুখোমুখি হচ্ছি।
সাইফুল বারি বলেন, বেসরকারী চ্যানেলগুলোর জন্য নীতিমালা জরুরি। মালিক, শ্রমিক সাংবাদিক এবং সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিশন গঠন করা প্রয়োজন।
এবিএম মুসা বলেন, প্রেস কমিশন গঠন করা হলে সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রসেবীরা সুবিধা পাবে।
কেজি মুস্তাফা বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে সকলকে এক হতে হবে।
মাহফুজ আনাম বলেন, বাংলাদেশের সংবাদপত্র এবং সংবাদমাধ্যম একটি সম্ভাবনাময় অবস্থানে রয়েছে। বেসরকারি চ্যানেলগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে। প্রতিটি মাধ্যমের স্বত্তাধিকারীদের উচিত তাদের কর্মীদের জন্য সর্বোচ্চ সুবিধা দেয়া। তিনি বলেন, নাম সর্বস্ব কাগজের জন্য বড় পত্রিকাগুলোর খুব অসুবিধা হচ্ছে।
আতিকুল্লাহ খান মাসুদ বলেন, সাংবাদিকরা যেখানে সত্য কথা বলছে, সেখানেই তাদের ওপর আঘাত আসছে।
ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমদু বলেন, সংবাদ মাধ্যমের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নীতিমালা। প্রেস কমিশন গঠন করে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করতে হবে।
