১ লাখ প্রতিবন্ধীকে মাসিক ২০০ টাকা করে ভাতা দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়
নীতিমালা চুড়ান্ত হলে অস্বচ্ছল এক লাখ চার হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে। চলতি অর্থ বছর থেকেই এ ভাতা প্রদান কার্যক্রম চালু হবে।
বুধবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্র এক প্রেস ব্রিফিংয়ে সমাজকল্যান মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ একথা জানান।
এ সময় মন্ত্রী গত অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্জিত সাফল্য এবং ২০০৫-০৬ অর্থ বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সমাজকল্যাণ মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাঠামোগত উন্নয়ন, সম্প্রসারণ ও গণমুখিকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, জাতীয় সমাজ কল্যান পরিষদ ও শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের মাধ্যমে দারিদ্্র হ্রাসকরণ, শহর ও পল্লী সমাজসেবা কার্যক্রম, জনসংখ্যা কার্যক্রমে পল্লী মাতৃকেন্দ্রের ব্যবহার সাফল্য এবং এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধিদের পুনর্বাসন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
মন্ত্রী জানান, ২০০৫--০৬ অর্থবছরে পার্বত্য জেলায় দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নে একটি প্রকল্প গ্রহন করা হয়েছে। এছাড়া প্রথমবারের মত প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান, নিবন্ধীকরণ ও পরিচয়পত্র প্রদানে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
চলতি অর্থ বছরে সমাজকল্যান মন্ত্রণালয়ে ৫৩৬ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকার বজেট ধরা হয়েছে। এর আওতায় এক হাজার ৬৫০ ভবঘুরে ব্যক্তি এবং মহিলা , ২৫০ জন শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পুর্নবাসন করা হবে।
