জাহাঙ্গীরনগরে ক্লাশরুটিনের প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি পালন, লাগাতার ধর্মঘটের হুমকি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের জুনিয়র প্রভাষকরা নতুন ক্লাশ রুটিনের প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি পালন করেছে।
ক্লাশরুটিনের অসঙ্গতি দূর করার দাবিতে তারা বুধবার কর্মবিরতি পালন এবং বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
সূত্র জানায়, স্কুল ও কলেজের শিক্ষকদের বার্ষিক ক্লাস বন্টনের জন্য প্রতি বছর একটি রুটিন কমিটি গঠন করা হয়। শিক্ষক সভায় শিক্ষকদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়। সম্প্রতি ১১ জন প্রভাষক ও জুনিয়র প্রভাষক যোগদান করায় রুটিন পরিবর্ধনের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু কর্তৃপক্ষ প্রচলিত নিয়ম অনুসরণ না করে ২০০৫ সালের রুটিন কমিটিকে বাদ দিয়ে নতুন রুটিন কমিটি গঠন করে।
নতুন রুটিন অনুযায়ি কোন শিক্ষকের কম, আবার কোন শিক্ষককে বেশি ক্লাস দেওয়া হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কর্মবিরতিরত শিক্ষকরা জানান, বৃহস্পতিবারের মধ্যে ক্লাস রুটিন বন্টনে অসঙ্গতি দূর না করলে লাগাতার কর্মবিরতিসহ অন্যান্য কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে, স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো: এনামুল হক খান বলেন, শিক্ষকদের কর্মবিরতি থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
