২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পনা কমিশন ও মন্ত্রণালয়গুলোর গড়িমসির কারনে উন্নয়ন প্রকল্প বাস্তবাযন বিলম্বিত হয়

পরিকল্পনা কমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের গড়িমসির কারনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হয বলে সংসদীয় একটি পর্যবেক্ষক পরিষদকে মঙ্গলবার জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি অর্থবছরের শেষের দিকে এসে তাড়াহুড়ো করে অর্থ খরচ না করে যথা সময়ে প্রকল্পের অর্থ ছাড় দেয়ার সুপারিশ করেছে। কমিটি বলেছে এ কারণে উন্নয়ন প্রকল্পগুলোর কাজের মান কমে যাচ্ছে।

অন্যদিকে বৈঠকে উপস্থিত পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলেছেন, মন্ত্রণালয়গুলোর এক শ্রেণীর অযোগ্য কর্মকর্তা অপরিপক্ক প্রকল্প কনসেপ্ট নোট তৈরি করার কারণে তারা বার বার মন্ত্রণালয়গুলোতে তা ফেরত পাঠাতে বাধ্য হন। যে কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হয়।

কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে এ সংক্রান্ত ফাঁক-ফোঁকরসমূহ সনাক্ত করার নির্দেশ দেয়া হয় এবং দ্রুততার সাথে এ সংকট নিরসনের জন্য বলা হয়।

কমিটির সভাপতি এম আকবর আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে গ্রামমুখী উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে গ্রামীণ অবকাঠামো শক্তিশালীকরণে সরকারের গৃহীত পরিকল্পনার সঠিক বাস্তবায়ন ও অপচয় রোধের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের নিয়মিত মনিটরিং জোরদারকরণের পরামর্শ রাখা হয়।

বৈঠকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসমূহের সুষ্ঠু ও যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেটরি অ্যাক্ট, ২০০৩ - এর সময়োপযোগী সংশোধন এবং আমাদের দেশের নিরিখে প্রয়োজনীয় সংযোজন ও পরিমার্জনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য কমিটির সুপারিশ রাখা হয়। জনগণের কাছে প্রদত্ত প্রতিশ্র“তি অনুযায়ী সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলোর যথাযথ গুরুত্ব অনুধাবন করে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক দায়িত্ববোধ ও সহযোগিতা কামনা করা হয়।

কমিটির সদস্য মো. লুৎফর রহমান, সরওয়ার জামাল নিজাম, জি এম ফজলুল হক, মো. হাফিজ ইব্রাহীম এবং  মাওঃ আ. আজিজ বৈঠকে অংশগ্রহণ করেন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মুহাম্মদ আবুল হোসাইন বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।