২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী দিবসে তাদের আত্ম নিয়ন্ত্রণের অধিকারের দাবি, আপডেট

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ আত্ম নিয়ন্ত্রণের অধিকার আদায়ে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতারা বঞ্চিত আদিবাসীদের সাথে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত র‌্যালির উদ্বোধনী সমাবেশে বক্তারা এ মত ব্যক্ত করেন। আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত দিবসের মূল শ্লোগান হচ্ছে, আতœ নিয়ন্ত্রণের অধিকার, আদিবাসীদের মানবাধিকার।

সমাবেশে বক্তারা বলেন, আদিবাসীসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন ও বঞ্চনা বন্ধ এবং তাদের অধিকার নিশ্চিত না করে মানবাধিকার প্রতিষ্ঠার দাবি কল্পনামাত্র।

আদিবাসীদের সংগঠন ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’ আন্তর্জাতিক আদিবাসী দিবস, ২০০৫ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ র‌্যালির আয়োজন করে।

সারাদেশ থেকে সর্ববৃহৎ আদিবাসী গোষ্ঠী চাকমা এবং ক্ষুদ্রতম গোষ্ঠী মুন্ডাসহ সকল আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ শহীদ মিনার চত্বরে সমবেত হয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে তারা সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তাদের দাবির পক্ষে অবস্থান নেয়।

ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারে সজ্জিত হয়ে, শরীরে নানা ধরনের উলকি এঁকে সমবেত আদিবাসীরা সম্মিলিতভাবে নাচে গানে মেতে ওঠে। বৃষ্টিতে ভিজেই উচ্চস্বরে নেচে গেয়ে তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে।

চাকমা, গারো, ত্রিপুরা, মারমা, মুরং, বম, তংচঙ্গা, হাজং, সাঁওতাল, মুন্ডা, রাজবংশী, ওরাংসহ বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদ মিনার চত্বরে জমায়েত হয়।

সেখানে ছিল না কোনো সাদা বা কালো, অস্ট্রোলয়েড বা মঙ্গোলয়েড ভেদাভেদ বা বর্ণ পরিচয়। তাদের একটিই পরিচয়, তা তারা আদিবাসী, তারা বঞ্চিত সমাজের লোক।

অনুষ্ঠানের উদ্বোধন করে নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, দাবি আদায়ে সকল বাধা উপেক্ষা করে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে। তিনি বাঙালিদের আদিবাসী নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আত্ম নিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আত্ম নিয়ন্ত্রণের অধিকার একটি সাংবিধানিক অধিকার।

সন্তু লারমা জাতিসংঘ সনদ অনুযায়ী আদিবাসীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সাংবিধানিক স্বীকৃতি প্রদানে এগিয়ে আসার জন্যে দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বিরোধী দলগুলো ‘গণবিরোধী’ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। আদিবাসীদেরও তাদের দাবি প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যেতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, তার দল আবারও রাষ্ট্র ক্ষমতায় গেলে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন করবে। চুক্তিটি আওয়ামী লীগের শাসনামলে স্বাক্ষরিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেজবাহ কামাল জাতিসংঘ ঘোষিত ‘আদিবাসী দশক ২০০৫--২০১৪’ পালনে সরকারের গড়িমসিতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এটি জাতীয় লজ্জা।

তিনি অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, ১৯৯৬ বাস্তবায়নের দাবি জানান।

সিপিবি’র সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেন, আদিবাসীদের চলমান সংগ্রাম শুধু তাদেরই নয়, এটি সকল বঞ্চিত ও নির্যাতিত মানুষের আন্দোলনের প্রতীক।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু আদিবাসীদের স্বায়ত্ত্বশাসনের দাবি জানান।

হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক ড. নিম চন্দ্র ভৌমিক সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বৈষম্যের বর্ণনা দেন। তিনি সংখ্যালঘু পরিবারের দূর্ভোগের কারণ হিসেবে উল্লেখ করে ‘শত্র“ সম্পত্তি আইন’-এর নিন্দা ও বাতিলের দাবি জানান।

নওগাঁর নিহত সাঁওতাল নেতা আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন, চা শ্রমিক সম্প্রদায়ের নেতা রামভজন কৈরি, জাফলংয়ের মেরুনা তংসং, বান্দরবানের রেবেকা মুরং এতে বক্তব্য রাখেন।

তারা আদিবাসীদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

এছাড়াও বাসদের (খালেক) শুভ্রাংশু চক্রবর্তী, গণফোরামের পংকজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, আইন ও শালিস কেন্দ্রের অ্যাডভোকেট সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ ও এইচকেএস আরেফিনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বুদ্ধিজীবীরা এতে উপস্থিত ছিলেন।

পরে একটি বর্ণাঢ্য মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে বিডিনিউজের বান্দরবান প্রতিনিধি জানান, সেখানেও একই দাবি নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আদিবাসী দিবস পালিত হয়েছে।

বিভিন্ন বেসরকারি সংস্থার সহায়তায় আদিবাসী নেতারা বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে সমাবেশ ও র‌্যালি বের করে। সমাবেশ শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী প্রতিনিধি জানান, আদিবাসীদের নিয়ে কাজ করছে এমন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও আদিবাসী নেতাদের নেতৃত্বে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

এর মধ্যে গোদাগাড়ী উপজেলার পাইতা পুকুরে আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া সেখানে বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী আদিবাসী সমাবেশের আয়োজন করা হয়েছে।