ছয় হাজার নার্স বেতন ভাতা নিয়ে ২১ বছর ধরে জটিলতার শিকার
সারাদেশে প্রায় ছয় হাজার নার্সের চাকরি নানা জটিলতার কারণে গত ২১ বছরেও স্থায়ী হয়নি। ফলে ওই সব পদে কর্মরত স্থায়ী নার্সদের প্রতি বছরই অফিস আদেশের মাধ্যমে বেতন ভাতা তুলতে শিকার হতে হয় বিভিন্ন রকম হয়রানীর।
এদিকে ওই জটিলতার অবসান না করেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরো দুহাজার নার্স নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি এখন সংস্থাপন মন্ত্রণালয়ে বিবেচনাধীন।
এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজকে জানান, উন্নয়ন খাতের ওই পদগুলো রাজস্ব খাতে স্থানান্তর না হওয়া পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে। প্রতিবছরই ওই পদের বিপরীতে অর্থ ছাড় করতে হয়। যা ওই জটিলতার অন্যতম কারণ।
তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে অর্থ ছাড় করতে হয়। তিন মন্ত্রণালয়ে ফাইল চালাচালির কারণে সৃষ্টি হয় জটিলতার। তবে নার্সরা একটি নির্ধারিত সময়ে পুরো অর্থ একসঙ্গেই পায়।
ভূক্তভোগী নার্স ও সেবা পরিদপ্তর সুত্রে জানা যায়, বিভিন্ন সরকারি হাসপাতালের জন্য ১৯৮৪ সালে পাঁচ হাজার ৯৭৭টি নার্সের পদ সৃষ্টি করা হয়। উন্নয়ন খাতের এ পদগুলোতে ওই বছরই স্থায়ী নার্সদের নিয়োগ দেওয়া হয়। পদগুলো মাত্র এক বছর মেয়াদের জন্য সংরক্ষিত।
ভূক্তভোগি নার্স শিউলি বেগম বিডিনিউজকে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতি বছর ‘রিটেনশন অর্ডার’র মাধ্যমে পদগুলোর মেয়াদ বৃদ্ধি করে চলেছে। ফলে প্রতি অর্থ বছরের শুরুতে এসব নার্সের বেতন- ভাতার জন্য প্রয়োজন হয় নতুন ‘রিটেনশন অর্ডার’। এতে প্রতি বছরই তারা বেতন- ভাতার জন্য পড়েন নানান হয়রানির মুখে।
সেবা পরিদপ্তর সূত্র জানায়, ছয় হাজার নার্সের পদ স্থায়ী করার জন্য সেবা পরিদপ্তর থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কয়েক দফা প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। ওই নার্সদের অফিস আদেশের মাধ্যমে প্রতি বছরই সুযোগ -সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
তেজগাঁও থানা স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র স্টাফ নার্স আঞ্জুমান আরা বেগম জানান, প্রতি অর্থ বছরের শুরুতে তাদের অন্তত: তিন মাসের জন্য বেতন - ভাতা আটকে যায়। সেবা পরিদপ্তর থেকে পাঠানো ‘রিটেনশন অর্ডার’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পরেই এই বেতন - ভাতা দেওয়া হয়। ২১ বছর ধরে প্রায় ছয় হাজার নার্স ওই ‘রিটেনশন অর্ডার’র ফাঁদে পড়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
তিনি বলেন, ‘ওই দুর্ভোগের অংশ হিসেবে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত আমরা বেতন তুলতে পারি না। প্রতি বছরের মতো এবারো আমাদের বেতন ভাতা গত জুন থেকে বন্ধ হয়ে গেছে। চলতি মাসেও বেতন জটিলতার নিরসন হবে কি না, তা নিয়েও আমাদের রয়েছে সংশয়।
আঞ্জুমান আরা বেগম জানান, তাদের নিয়োগের পর পদগুলো স্থায়ী করার জন্য ১৯৯১ - ৯২ সালে সরকার একটি কমিটি গঠন করে। ‘এনাম কমিটি’ নামে ওই কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশমালা তৈরী করে। কিন্তু ওইসব সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে প্রায় ছয় হাজার নার্সের পদ স্থায়ী করার বিষয়ে সৃষ্ট এই জটিলতার নিরসন না হলেও গত বছর প্রধানমন্ত্রী খালেদা জিয়া আরো দুহাজার নার্স নিয়োগের ঘোষণা দেন। সরকারের এই ঘোষণার পর এখন নতুন করে দুহাজার নার্স নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রী বলেন, বিষয়টি বর্তমানে প্রক্রিয়া শেষে সংস্থাপন মন্ত্রণালয়ে রয়েছে। সেখানে অনুমোদন শেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে। দুই মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলেই নিয়োগ শুরু হবে।
