ফরিদপুরে সেনাবাহিনীতে লোক নিয়োগে প্রতারণার অভিযোগে ২ প্রতারক ও ৫ চাকরি প্রার্থী আটক
ফরিদপুরে সেনাবাহিনীর সিপাহী পদে লোক নিয়োগের সময় সেনা গোয়েন্দা সংস্থার সদস্যরা সোমবার দুপুরে দুই প্রতারক ও পাঁচজন চাকরি প্রার্থী আটক করেছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর স্বাক্ষর জাল করে একটি সুপারিশপত্র দাখিল করার পর তাদের আটক করা হয়।
আটককৃত দুই প্রতারক হচ্ছে সৈয়দা মুনমুন ইসলাম (৫২) এবং রায়হানউদ্দিন (৪৮)। সৈয়দা মুনমুন ইসলাম নিজেকে জাতীয় মহিলা পার্টির (এরশাদ) লালবাগ থানা শাখার সভানেত্রী হিসেবে পরিচয় দিয়েছে। আটককৃত ভর্তিচ্ছুরা হচ্ছে মো. মফিজুর রহমান (১৮), রাজীব মোল্লা (১৯), গেলাম মোস্তফা (১৯), আশরাফ আলী (২০) ও মুকুল দেবনাথ।
সোমবার ফরিদপুর স্টেডিয়ামে সেনাবাহিনীতে লোক নিয়োগের পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছু মফিজুর রহমান খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর স্বাক্ষরকৃত একটি সুপারিশপত্র জমা দেয়। কর্তব্যরত সেনা সদস্যদের সন্দেহ হলে মফিজুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। এরপর দুই প্রতারককে আটক করে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। তারা প্রতারণা চক্রের অন্য সদস্যদের নামও প্রকাশ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার কথা বলে ফরিদুপরের বিভিন্ন উপজেলা থেকে প্রতারকরা ভর্তিচ্ছুদের কাছ থেকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা করে আদায় করেছে। সোমবার পরীক্ষা চলাকালে রিক্রুটিং দলের এক সদস্যকে মাথাপিছু ৫০ হাজার টাকা দিতে চেয়েছিল।
এ ব্যাপারে ফরিদপুর কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতারক দলের অন্য সদস্যদের আটক করার চেষ্টা হচ্ছে।
