নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদন্ড
স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সোমবার নওগাঁয় এক মাদ্রাসা শিক্ষককে মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আসামীকে দশ হাজার টাকা জরিমানাও করা হয়।
নওগাঁর দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু আহমেদ জমাদার সাপাহার উপজেলার আলোচিত গৃহবধু শিরিনা বেগম হত্যা মামলায় এই রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মাদ্রাসা শিক্ষক আবু তালেব বিয়ের সময় লিখে দেওয়া ৩০ শতক জমি চেয়ে না পেয়ে ২০০০ সালের তিন মার্চ দুপুরে তার স্ত্রী শিরিনা বেগমকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়।
