মাদারীপুরে যুগান্তর পত্রিকা পুঁড়িয়েছে ছাত্রদল
দৈনিক যুগান্তর পত্রিকায় ছাত্রদলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় সোমবার মাদারীপুর জেলা ছাত্রদল মাদারীপুর ও শরীয়তপুরে বিতরণের জন্যে পাঠানো যুগান্তর পত্রিকা ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দিয়েছে।
সূত্র জানায়, সোমবার ভোরে মোস্তফাপুর থেকে ভ্যানযোগে পত্রিকা মাদারীপুর ও শরীয়তপুর যাওয়ার পথে ছাত্রদলের নেতা কর্মীরা পত্রিকা ছিনিয়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। দুপুর ১২টার দিকে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে আনুষ্ঠানিকভাবে কপিগুলো পোড়ানো হয়। পরে কিছু পত্রিকা মাদারীপুরে বিলি করা হলেও শরীয়তপুরে কোন পত্রিকা পৌঁছেনি।
এদিকে, জেলা ছাত্রদল সভাপতি জানান, প্রাথমিকভাবে যুগান্তর পত্রিকা বহনকারী গাড়ি পুড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু এবার তা না করে শুধু পত্রিকা পোঁড়ানো হল। পরবর্তীতে যুগান্তরে ছাত্রদলের বিরুদ্ধে লেখালেখি হলে বড় ধরনের ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।
