গত ৬ মাসে প্রতিদিন ৪ শিশু ধর্ষণের শিকার
গত ছয় মাসে সারাদেশে প্রতিদিন চার শিশু ধর্ষণ এবং আরও তিন শিশু যৌন হয়রানির শিকার হয়েছে। রোববার বেসরকারি সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) একথা জানায়।
এমএমসি’র এক প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত হত্যা ও আত্মহত্যার মধ্য দিয়ে প্রাণহানি ঘটে যৌন হয়রানির শিকার ৪৬ শিশুর।
এর মধ্যে ২৩ শিশু আত্মহত্যা করে । বাকিদের হত্যা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৭৪০ শিশু ধর্ষিত এবং ১২৮ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে।
এমএমসি’র নারী ও শিশু অধিকার বিষয়ক তথ্য কেন্দ্রের একটি সেল দেশের ২০০টি জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র পর্যালোচনা করে এ তথ্য জানায়।
এতে বলা হয়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত শিশু ধর্ষণ ও যৌন হয়রানি সম্পর্কিত মোট ৭৮৮টি সংবাদ প্রকাশিত হয়েছে।
এমএমসি’র ঢাকা কেন্দ্রে রোববার ‘গণমাধ্যমে শিশু ধর্ষণ ও হয়রানির চিত্র’ শীর্ষক সেমিনারে এ প্রতিবেদন উপস্থাপিত করা হয়।
এমএমসি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জুর সভাপতিত্বে সেমিনারে গবেষক মোস্তাকিম স্বাধীন ও মুন্নী মৃ প্রতিবেদন উপস্থাপিত করেন।
