ফুলবাড়ি খনির কয়লার মজুদ ৫৭২ মিলিয়ন টন: এশিয়া এনার্জি
এশিয়া এনার্জি পিএলসি রোববার এক ঘোষণায় জানায়, বাংলাদেশের উত্তর - পশ্চিমাঞ্চলে ফুলবাড়ি কয়লা ক্ষেত্রে উত্তোলনযোগ্য কয়লা সম্পদের মজুদ বৃদ্ধি পেয়ে ৫৭২ মিলিয়ন টনে দাঁড়িয়েছে।
এর মধ্যে ৫৩২ মিলিয়ন টন মজুদ চূড়ান্ত ও সন্তোষজনক পর্যায়ে নিরূপণ করার পর আরও কয়লা অনুসন্ধানের জন্য খনি ক্ষেত্রটি উন্মুক্ত রাখা হয়েছে।
এশিয়া এনার্জি জানায়, অস্ট্রেলিয়ার জয়েন্ট ওর রিজার্ভ কমিটি বা জেওআরসি অনুসরণে ফুলবাড়ি কয়লা ক্ষেত্রের সম্পদের পরিমাপ হালনাগাদ করে সর্বশেষ বিবৃতিতে আগে পরিমাপকৃত ৫২২ মিলিয়ন টন কয়লার চেয়ে আরও অধিক পরিমাণ মজুদ আছে বলে জানা গেছে।
মেলবোর্ন ভিত্তিক স্বাধীন কনসালটেনসি প্রতিষ্ঠান জিএইচডি’র কয়লা বিশেষজ্ঞ ও ভূ - তত্ত্ববিদ ফ্রান্স বস ফুলবাড়ি কয়লা ক্ষেত্রের এই সর্বশেষ পূণঃপরিমাপমূলক বিবৃতিটি তৈরি করেন।
ফুলবাড়ি কয়লাক্ষেত্রের দক্ষিণাংশে নতুনভাবে ড্রিলিংকৃত অনুসন্ধান কূপগুলো থেকে প্রাপ্ত কয়লার মজুদের পরিমাণ পূর্ববর্তী ঘোষণার মজুদের সাথে যোগ করা হয়েছে। গত মে মাসে কয়লা ক্ষেত্রটির মজুদ সংক্রান্ত যে বিবৃতি প্রকাশ করা হয়েছিল তাতে এই অনুসন্ধান কূপ থেকে প্রাপ্ত কয়লা সম্পদের হিসাব বাদ পড়েছিল।
ফুলবাড়ি কয়লা ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে শেষ হওয়া ড্রিলিং কার্যক্রম ও গ্রাভিটি জরিপ থেকে জানা যায়, কয়লা ক্ষেত্রটি উন্মুক্ত এবং দক্ষিন দিকে আরও প্রসারিত। বিবৃতিটিতে বলা হয়, কয়লা ক্ষেত্রটির দক্ষিণ দিকের বিস্তৃতি নিশ্চিত করার জন্য আরও ড্রিলিং কার্যক্রমের প্রয়োজন।
এশিয়া এনার্জির যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ডেভিড লেনিগাস বলেন, কয়লাক্ষেত্রটির দক্ষিণদিকে আরও কয়লা পাওয়ার সম্ভাবনার কথা জেনে আমরা আনন্দিত।
জেওআরসি কোড অনুযায়ী ফুলবাড়ি কয়লাক্ষেত্রে প্রমাণিত কয়লার মজুদ চুড়ান্ত নিরূপিত মজুদ ২৮৮ মিলিয়ন টন, সন্তোষজনক নিরূপিত মজুদ ২৪৪ মিলিয়ন টন, অনুমিত মজুদ ৪০ মিলিয়ন টন এবং মোট ৫৭২ মিলিয়ন টন। চূড়ান্ত ও সন্তোষজনক মজুদ হচ্ছে সর্বোচ্চ নির্ভরযোগ্য মজুদ সূচক।
এশিয়া এনার্জি ফুলবাড়ির কয়লা ক্ষেত্রে ১০০টির অধিক অনুসন্ধান কূপ খনন করেছে। ২০০৭ সালে খনি থেকে কয়লা উত্তোলনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশ সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।
