২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ইস্যুতে নটবরের সঙ্গে ড. কামালের আলোচনা

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন শনিবার সফরকারী ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী কে নটবর সিংয়ের সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করেন। এসময় তারা নির্বাচনী সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ড. কামাল বিডিনিউজকে বলেন, আমরা নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা করেছি। আমি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীকে বলেছি, বাংলাদেশের বিরোধী দলগুলো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অর্থবহ পরিবর্তনে সচেষ্ট।

সূত্র জানায়, তারা প্রায় পৌনে এক ঘন্টা আলোচনা করেন।

ড. কামাল হোসেন বলেন, তারা দু’টি দেশের মধ্যকার পররাষ্ট্র নীতি ও সহযোগিতা সম্পর্কিত প্রধান দিকগুলো পর্যালোচনা করেন।

তিনি বলেন, বর্তমান পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে সহযোগিতা এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে দু’টি প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি বজায় রয়েছে।

এদিকে নটবর সিংয়ের সঙ্গে ২০ মিনিটব্যাপী আলোচনা শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিডিনিউজকে বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাস, পানি ও ট্রানজিট সমস্যার মতো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিষ্পত্তির জন্যে উভয় দেশের সরকারকে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, আন্তসীমান্ত সন্ত্রাস বন্ধে উভয় দেশের দ্রুত যৌথ সীমান্ত অভিযান ও বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষর করা উচিত।