২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির কেন্টিনগুলোর বেহাল দশা, অস্বাস্থ্যকর পরিবেশ: খাওয়ানো হচ্ছে পচা - বাসি খাবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাইনিং ও ক্যান্টিনগুলোর এখন বেহাল দশা। সেখানে ভাতের মধ্যে পাওয়া যায় পাথর, মাছের মধ্যে পোকা। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্র - ছাত্রীদের বাধ্য করা হয় তেল চিটচিটে প্লেট এবং গ্লাসে এসব খাবার খেতে। ডাইনিং ও ক্যান্টিন দেখলে মনে হয় সেখানে যেনো প্রতিষ্ঠা হয়েছে বিড়াল - রাজ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 05:18 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

খোঁজ নিয়ে জানা যায়, বছরের পর বছর ধরে এ অবস্থা চললেও দেখার কেউ নেই। এসব ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই কোনো সুনির্দিষ্ট নীতিমালা। এমন কি বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন খবরও রাখে না হলের শিক্ষার্থীরা দিনের পর দিন কী খাচ্ছে।

ঢাবির মোট ১৬ টি আবাসিক হলে ২৫টিরও বেশী  কেন্টিন এবং প্রতিটি হলেই একটি করে ডাইনিং রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের কেন্টিনগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার অযোগ্য খাদ্যদ্রব্য খাওয়ানো হচ্ছে শিক্ষার্থীদের। এসব খাবার খেয়ে শিক্ষার্থীরা যেমন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে তেমনি আবার পরবর্তীতে তাদের ভুগতে হয় জটিল ধরনের নানা অসুখে।

সম্প্রতি খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমান আদালত বিশ্ববিদ্যালয়ের দু’টি হলে অভিযান চালিয়ে হলের ডাইনিংগুলোর ভয়াবহ চিত্র দেখতে পায়। মহসিন হলের কেন্টিন থেকে তারা কয়েকদিন আগের পোকা পড়া দুর্গন্ধযুক্ত ভাজা মাছ উদ্ধার করে।

একই সময়ে তারা ডাইনিংয়ের চারপাশের নোংরা পরিবেশ, আলকাতরার মতো কালো কয়েক মাসের পুরোনো বাসি তেল, ময়লা খাবার প্লেট, অপরিছন্ন পরিবেশ ইত্যাদি দেখে বিষ্ময় প্রকাশ করেন।

শুধু মহসিন হলেই নয়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের কেন্টিনেরই ওই একই দশা।

এসব নিয়ে প্রতিদিন ছাত্রদের সাথে কেন্টিন ম্যানেজারদের কথা কাটাকাটি হলেও প্রশাসন এ বিষয়ে নির্বিকার। 

জহরুল হক হলের আবাসিক ছাত্র কামরুল ইসলাম বিডিনিউজকে বলেন, ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ ৫ - ৭টি বছর কাটে হলে। অথচ হলে আমরা কী খাচ্ছি তা নিয়ে হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন মোটেই চিন্তিত নয়।

এ ব্যাপরে ওই হলের প্রাধ্যক্ষ জাহিদ হোসেন শিক্ষার্থীদের খাবারের এ দুরাবস্থার কথা স্বীকার করে বলেন, কেন্টিনগুলোর খাদ্য মান আরো আধুনিক করা উচিত। কেন্টিনে খাবার রাখার বা রক্ষণাবেক্ষনের কোনো সুব্যবস্থা নেই। এ কারণেই মাছি মশা বাড়ছে।

কেন্টিন লিজ দেওয়ার নীতিমালা সম্পর্কে তিনি বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র নেতাদের চাপে আমরা নিরপেক্ষভাবে কাউকে লিজ দিতে পারি না।

তিনি আরো বলেন, লিজ নেয়ার সময় চুক্তিপত্রে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশসহ উন্নত মানের খাদ্য পরিবেশনের কথা থাকলেও তারা তা মানছে না।

অধিকাংশ শিক্ষার্থীরই অভিমত, ঢাবিতে ভ্রাম্যমান আদালত যেনো নিয়মিত অভিযান চালায়। কেন্টিন Ñ ডাইনিংগুলোর লিজিং যেনো হয় রাজনৈতিক প্রভাবমুক্ত। পরিবেশ যেনো হয় স্বাস্থ্যসম্মত।