ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগ পদ্ধতি বাতিলের দাবিতে গাজীপুর সিরামিকস কারখানায় ধর্মঘট
গাজীপুরের হোতাপাড়ার হুয়া তাই সিরামিকস কারখানায় শুক্রবার শ্রমিকরা দিনব্যাপি অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করেছে। ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগ, কথায় কথায় শ্রমিক ছাটাই ও অন্যান্য অনিয়মের প্রতিবাদে তারা এ ধর্মঘট আহ্বান করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার প্রায় আড়াই শত শ্রমিক পূর্ব ঘোষণা অনুযায়ি সকাল ৮ টার মধ্যে কারখানার মূল গেটের বাইরে জড়ো হয়ে অবস্থান নেয়। শ্রমিকরা তাদের দাবির পক্ষে সারাদিন বিভিন্ন শ্লোগান দেয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগের অদ্ভূত এক পদ্ধতি বের করেছে। এতে মজুরি অর্ধেক থেকে এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। কারখানার তালিকাভূক্ত ঠিকাদাররা প্রতিযোগিতামূলকভাবে স্বল্প মজুরিতে শ্রমিক নিয়োগ করতে থাকায় প্রতিনিয়ত তারা ছাঁটাইয়ের শিকার হচ্ছে। শ্রমিকরা আরও জানান, এ পদ্ধতি বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
