২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারপন্থী আইনজীবীদের মহাসমাবেশ, নাজমুল হুদার সমর্থকদের বয়কট

যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সমর্থক আইনজীবীদের বয়কটের মধ্য দিয়ে শুক্রবার সুপ্রিম কোর্ট বার এসাসিয়েশন (এসসিবিএ) প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিজেএএফ) ডাকে বহুল আলোচিত মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সূত্র জানায়, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারি অ্যাটর্নি জেনারেল, পাবলিক প্রসকিউটর, বিশেষ প্রসকিউটরসহ সমাবেশে অংশগ্রহণকারিদের মধ্যে বেশিরভাগই ছিল সরকারি চাকরিজীবী।

আইন মন্ত্রণালয় দেশের সকল আইন কর্মকর্তাকে শুক্রবারের মহাসমাবেশে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল। 

ব্যারিস্টার নাজমুল হুদা ছাড়াও বিজেএএফ’র কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, গোলাম কিবরিয়া, জামান আখতার বাবুল, হেলাল উদ্দিন মোল্লা ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সমাবেশে যোগ দেয়নি বলে সুত্র জানায়।

সমাবেশে বিএনপি পন্থী আইনজীবীদের বেশ কয়েকজন স্বীকার করেন যে, সরকারপন্থী আইনজীবীদের মধ্যে দ্বন্দ্ব শূরু হয়েছে এবং এ কারণেই দেশের বিভিন্ন বার এসোসিয়েশনের নির্বাচনে তারা জিততে পারেন নি।

বিজেএএফ’র সুপ্রিম কোর্ট শাখার সভাপতি ব্যারিস্টার জিয়াউর রমান খান এমপি বলেন, বিজেএএফ’র নেতৃবৃন্দ ও কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

তিনি আরও বলেন, বিজেএএফ’র ভিতরে এবং বাইরে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনদিন আগে বিজেএএফ-এ  মঞ্চস্থ  নাটকের পিছনের কারণ কী, তা আমাদের জানতে হবে। ব্যক্তি হিসেবে যে কেউ অপসারিত হতে পারে, কিন্তু বিজেএএফ থাকবে।

ব্যারিস্টার নাজমুল হুদার নাম উচ্চারণ করে বিজেএএফ’র সুপ্রিম কোর্ট শাখার সহসভাপতি এডভোকেট মুজিবুর রহমান বলেন, আপনি নিজেকে বিজেএএফ’র নেতা ও আহ্বায়ক হিসেবে ঘোষণা করেছেন এবং আমাদের মহাসমাবেশ বন্ধ করতে চেয়েছেন। আমরা কি বিজেএএফ’র কেউ না।

কিন্তু সমাবেশে অংশগ্রহণকারীরা তাকে এ ধরণের বক্তব্য দিতে নিষেধ করলে তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নেন এবং বক্তব্য শেষ করেন।

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী বলেন, বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে কিছু দ্বন্দ্ব ও সমস্যা রয়েছে।

আইনমন্ত্রী দেশের বার অ্যাসোসিয়েশনগুলোতে বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছেন। কিন্তু কিছু আইনজীবী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে তিনি আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের মধ্যকার এই দ্বন্দ্ব খুব শিগগিরই শেষ হয়ে যাবে।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ এমপি বলেন, তিনদিন আগে মহাসমাবেশ নসাৎ করতে একটি ষড়যন্ত্রের উৎপত্তি হয়েছে। ব্যাপারটি আইনজীবীদের মনে বিরূপ প্রভাব ফেলেছে।

তবে আইনজীবীরা সমাবেশে যোগ দিয়ে ভালভাবেই ষড়যন্ত্র মোকাবেলা করেছেন।

তিনি অভিযোগ করেন, বিএনপি ও তার বিভিন্ন অংঙ্গ সংগঠনের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যম নেতিবাচক সংবাদ প্রচার করছে।