রাষ্ট্রপতি দেশে ফিরেছেন
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সৌদি বাদশাহ ফাহ্দ বিন আবদুল আজিজ আল সাউদের নামাজে জানাজায় অংশগ্রহণ শেষে শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে দেশে ফিরেছেন।
সফরকালে রাষ্ট্রপতি বাদশাহ ফ্হ্ােদর নামাজে জানাজায় অংশগ্রহণ ছাড়াও নতুন বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সাউদসহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেছেন।
বাদশাহ আবদুল্লাহর সাথে রিয়াদের ইমাম তুর্কি মসজিদে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন বাদশাহ ফাহ্দের ইন্তেকালে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ করেন।
প্রবাসী বাংলাদেশীরাও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সৌদি বাদশাহ’র ইন্তেকালে বাংলাদেশের শোকপ্রকাশ এবং অন্যান্য দেশের মতো বাংলাদেশের রাষ্ট্রপতির এ জানাজায় অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি বৃহস্পতিবার রিয়াদে বাদশা আবদুল আজিজের প্রথম রাজপ্রাসাদ পরিদর্শন করেন। এখানেই বাদশাহ ফাহ্দ জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি ফয়সলিয়া টাওয়ারও পরিদর্শন করেন।
রাষ্ট্রপতির সফরসঙ্গী বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএনএম মুনিরুজ্জামান, প্রেস সচিব এম মোখলেসুর রহমান চৌধুরী ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ এইচ এম মনিরুজ্জামান একই সাথে দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতি ১ আগস্ট রাতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
