বেনাপোল বন্দর অচলাবস্থার ১৬ দিন , প্রায় ৬০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত সরকার
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ১৬ দিনেও সচল হয়নি। বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠনের ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার কর্মবিরতির ফলে বেনাপোল বন্দর এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। এতে দেশের রাজস্ব তহবিল দৈনিক প্রায় চার কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া ভারত থেকে আমদানিকৃত কাঁচামালের উপর নির্ভরশীল শিল্প--কারখানাগুলোর উৎপাদনের ক্ষতিও যোগ করলে লোকসানের পরিমান আরও বাড়বে।
সূত্র জানায়, গত সাত মাসে বেনাপোল বন্দর বিভিন্ন কারণে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ৩৬ দিন বন্ধ থাকায় সরকার প্রায় একশ‘ ২০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
গত ২৮ জুলাই থেকে ১২ দফা দাবি পূরনের কর্মসূচি হিসেবে বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠন বেনাপোল বন্দরে কর্মবিরতি পালন করে আসছে । পরবর্তীতে আরও দুইটি সংগঠন যশোর জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এবং বেনাপোল চেকপোস্ট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এ আন্দোলনে যোগ দিয়েছে।
বৃহস্পতিবারও বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠন বেনাপোল বন্দরে মিছিল, মিটিং ও সমাবেশ অব্যাহত রাখে।
সংগঠনের সভাপতি শামছুর রহমান, সিনিয়র সহ--সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান বিডিনিউজকে জানান, তারা ১৯৭৪ সাল থেকে এ বন্দরে কাজ করে আসছেন। কিন্তু কিছুদিন ধরে বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ রাজস্ব বৃদ্ধির নামে এমন কিছু নতুন নিয়ম চালু করেছে যা হয়রানিমূলক। তাদের ১২ দফা দাবি যুক্তিসংগত, ন্যায্য ও ন্যায়সংগত। এ বন্দর রক্ষার্থে তাদের এই ১২ দফা দাবি মেনে নেয়া উচিত বলে তারা মনে করেন।
এফবিসিসিআই এক বিবৃতিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বন্দর সচল রাখার অনুরোধ জানালেও কোন ফল হয়নি।
১৬ দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেও কোন সমঝোতায় পৌঁছাতে পারেনি।
বৃহস্পতিবারও আন্দোলনকারীদের সাথে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘন্টা কাস্টমস কমকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা ফলপ্রসু হয়নি। যার ফলে আন্দোলনকারীরা তাদের ১২ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ব্নোপোল বন্দরে অচলাবস্থার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সরকার , দেশীয় শিল্প কলকারখানা ও ব্যবসায়ীরা।
এদিকে গত ২ আগস্ট ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন বন্দর ব্যবহারকারীদের ১২ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন দিয়ে আগামী তিন দিনের মধ্যে ১২ দফা দাবি মানা না হলে সারাদেশের বন্দরগুলোতে কর্মবিরতি পালন করা হবে বলে বিবৃতি দিয়েছে। এর ফলে আগামি সাত আগস্ট সারাদেশের বন্দরগুলোতে কর্মবিরতি পালিত হবে।
বেনাপোল বন্দরের অচলাবস্থার কারণে ওপারে পেট্রাপোল বন্দর থেকে বনগাঁ শহর এলাকা পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দু’পাশে অরক্ষিত অবস্থায় হাজার হাজার পণ্যবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। কয়েক’শ কোটি টাকার মালামাল ওপারে বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেকেই ট্রাকের ত্রিপল খুলে খোলা আকাশের নীচে মালামাল আনলোড করে রাখতে শুরু করেছে। ওইসব মালামাল লুটপাটেরও আশঙ্কা করছে।
রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল বেনাপোল বন্দরে আটকে পড়ায় বাংলাদেশের অধিকাংশ শিল্প কলকারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক গার্মেন্টস শিল্প কলকারখানার ব্যাক টু ব্যাক এলসির ইউডির মেয়াদ শেষ হওয়ার কারণে স্টক লট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ভারতীয় পণ্যবোঝাই ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি গ্রহণের ও ভারতীয় রিকন্ডিশন্ড ট্রাক আমদানির ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা দিতে গত তিন আগস্ট আমদানি--রফতানি দফতরের প্রধান নিয়ন্ত্রক ইসমাইল হোসেন আকস্মিকভাবে বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন এবং বন্দর, কাস্টমস, বিডিআর ও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য বৈঠক করলেও সমস্যা সমাধানের কোনও আলামত লক্ষ্য করা যায়নি।
