র্যাবের সঙ্গে মারামারির অভিযোগে চরমোনাই পীরের দুই ছেলেকে ৫ ঘন্টা আটকে রাখা হয়
র্যাব সদস্যদের আক্রমন চেষ্টার অভিযোগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মওলানা ফজলুল করীমের দুই ছেলেকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা আটকে রাখে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
র্যাব - ৪ এর বিদায়ী অধিনায়ক কমান্ডার সাবের শরীফ বিডিনিউজকে জানান, পীরের ছেলেদের র্যাব এর মিরপুর কার্যালয়ে নেওয়া হলে তারা ঘটনার জন্য ‘দুঃখপ্রকাশ’ করেন। পরে সকাল প্রায় সাড়ে সাতটায় তাদের ছেড়ে দেওয়া হয়।
একটি গোয়েন্দা সংস্থা জানায়, রাত আনুমানিক আড়াইটার সময় র্যাব সদস্যদের সাথে অপ্রীতিকর ঘটনার সময় গাড়িতে পীরের ছেলেদের সাথে অর্থমন্ত্রীর একজন নিকট আত্মীয়ও ছিলেন। কিন্তু র্যাব - ৪ এর অধিনায়ক এই তথ্য অস্বীকার করেন।
“ঘটনার সময় কোন মারামারির ঘটনাও ঘটে নাই,” বলেন র্যাব -৪ অধিনায়ক।
একই গোয়েন্দা সূত্র জানায়, ঘটনার সময় ওই জীপে পীর নিজেও উপস্থিত ছিলেন। র্যাব সদস্যরা গাড়িটি থামালে পীরের ছেলেরা র্যাবের সদস্যদের হুমকি - ধামকি দেয় এবং খারাপ ব্যবহার করে।
“তবে পীরকে র্যাব অফিসে নেওয়া হয় নাই,” গোয়েন্দা সূত্র জানায়।
ঘটনার সময় চরমোনাই পীর উপস্থিত ছিলেন কিনা এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি র্যাব - ৪ এর অধিনায়ক।
কমান্ডার সাবের শরীফ বলেন, মিরপুরের কাজীপাড়ায় র্যাব এর একটি টহল দল ওই জীপটিকে তল্লাশীর জন্য থামায়। এ সময় র্যাবের একটি পিকআপ ভ্যান ও দুইটি মোটর সাইকেল রুটিন তল্লাশীর কাজে নিয়োজিত ছিলো।
তিনি জানান, পীরের ছেলেরা জীপে করে মিরপুর শাহ্আলী বাগ মাজারে যাচ্ছিলেন।
গোয়েন্দা সূত্র জানায়, বাংলাদেশের বিভিন্ন মাজারে বিভিন্ন সময় সংঘটিত নাশকতামূলক ঘটনার পর র্যাব সদস্যরা মাজারসমূহে নজরদারি জোরদার করেছে।
ইসলামী শাসনতন্ত্রের সাংগঠনিক সম্পাদক প্রফেসর সৈয়দ বেলায়েত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পীর সাহেব এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি নন।ঘটনার সাথে পীর সাহেব এবং তার পরিবারের সংশ্লিষ্টতাও তিনি নাকচ করে দেন।
তিনি বলেন, ওই রাতে পীর সাহেব বা তার পরিবারের কারও কোন অনুষ্ঠান ছিলো না। সুতরাং কোন ধরণের দুর্ঘটনা ঘটারও কোন কারণ নেই।
