২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় পরারাষ্ট্রমন্ত্রীর সফর: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা করছে ঢাকা

চলতি মাসের ৬ থেকে ৮ আগস্ট ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কে নটবর সিংয়ের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যেকার সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা করছে ঢাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন জানান, এই সফর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাওয়ার পাশাপাশি আরো জোরদার  হবে।

পররাষ্ট্রমন্ত্রণালয়ে বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বলেন, পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর দু’দেশের মধ্যে একটি সাংস্কৃতিক বিনিময় চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

তাছাড়া ঢাকা ও দিল্লির মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি, শুল্ক ও শুল্ক বহির্ভূত বাধা, বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ ও অভিন্ন নদীর পানি বন্টন নিয়েও দু’পক্ষের মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন ।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় ছাড়াও মায়ানমার, ভারত ও বাংলাদেশকে নিয়ে তিনজাতি গ্যাস পাইপ লাইন বিষয়টি স্থান পেতে পারে।

ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, গত জুনে দিল্লিতে দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বার্থ ক্ষুন্নকারী কোন একক পদক্ষেপ ভারত গ্রহণ করবে না বলে নিশ্চয়তা দিয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের সফরের সময়ও এ ব্যাপারে আবারও নিশ্চিয়তা প্রদান করা হবে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং শনিবার ঢাকা এসে পৌঁছুলে তাকে বমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।

এদিকে কুটনৈতিক সূত্র জানিয়েছে,  দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় নিরাপত্তা ও পানি বিষয় প্রধান্য পেতে পারে। তাছাড়া সন্দেভাজন জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্র ও অবৈধ অনুপ্রবেশের মত চলতি ইস্যুতেও আলোচনা হতে পারে ইঙ্গিত দিয়েছে সূত্র।

দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় ভারতীয় পক্ষ থেকে প্রস্তাবিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পূর্নগঠন ইস্যুটিও উঠে আসতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন পেতে প্রচারণা চালিয়ে যাচ্ছে ভারত।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে শনিবার আনুষ্ঠানিক আলোচনা ছাড়াও নটবর সিং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ও এলজিআরডি মন্ত্রী বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সাথেও বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর দেয়া এক ভোজসভায়ও যোগ দেবেন নটবর সিং।

পরদিন অর্থাৎ ৭ আগস্ট প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত এবং মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন করবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং। তাছাড়া একই দিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের পূর্বে একটি সেমিনারেও যোগ দেবেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং ৮ আগস্ট ঢাকা ত্যাগের পূর্বে রামকৃষ্ণ মিশন পরিদর্শনে যাবেন। তবে সফরে নটবর সিং যৌথ কমিশনের সভা করছেন না। গত ২০০৩ সালের জুলাই থেকে এই কমিশনের কোন সভা অনুষ্ঠিত হচ্ছে না।

ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স ক্ষমতায় আসার পর ভারতের পক্ষ থেকে এটাই মন্ত্রী পর্যায়ের প্রথম সফর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের ঢাকা সফরের ধারাবাহিকতায় সেপ্টেম্বরে ভারতের বাণিজ্যমন্ত্রী কমল নাথ এবং অক্টোবরে পানি সম্পদ মন্ত্রী প্রিয় রঞ্জণ দাস মুন্সীও ঢাকা সফরে আসবেন।