ময়মনসিংহের ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ
ময়মনসিংহের ১৪০ মে.ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ করে দায়িত্বপ্রাপ্ত সংস্থার দেশি-বিদেশি ৯৭ জন কর্মকর্তা ও কর্মচারী এবং নিরাপত্তাকর্মীরা পাওয়ার প্লান্ট ত্যাগ করেছে।
জানা গেছে, দুইটি কোম্পানির দ্বন্দ্বের জের ধরে কেন্দ্রটি বুধবার বন্ধ হয়ে যায়। রুরাল পাওয়ার কোম্পানির (আরপিসি) ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব এম. সাইদুর রহমানসহ একটি প্রতিনিধি দল নিয়ে বুধবার বেলা আড়াইটার দিকে কেন্দ্রটিতে ঢুকতে চাইলে ল্যামএয়ার পল্লী পাওয়ার সার্ভিস লিমিটেড (লিপস) কর্তৃপক্ষ তাদের বাধা দেয়।
পরে জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেটসহ দুই প্লাটুন পুলিশ ও সরকারি বিভিন্ন বাহিনীর সহায়তায় আরপিসি বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। এ সময় লিপস’র দেশি-বিদেশি ৯৭ জন কর্মকর্তা ও কর্মচারী এবং নিরাপত্তাকর্মীরা পাওয়ার প্লান্ট ত্যাগ করে।
লিপস’র এজিএম প্রশাসন মেজর (অব.) ফিরোজ কবীর জানান, বিদ্যুৎ উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পাওয়ার স্টেশনের নিরাপত্তার বিষয়ে সাথে ২০০৪ সালের ৬ জুন আগামী ২৩ বছরের জন্য চুক্তি হয়। কিন্তু চুক্তির মাত্র একবছর যেতে না যেতেই বুধবার বিকালে আরপিসি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অবস্থান নিয়েছে।
এ ব্যাপারে আরপিসি’র জহিরুল হক জানান, নিয়মানুযায়ী কেন্দ্রটি পরিচালিত হচ্ছে না। তাই আমরা এটি পরিদর্শনে এসেছি।
এদিকে, দুই পক্ষের বিরোধের কারণে ময়মনসিংহের বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রয়েছে এবং কেন্দ্রে পুলিশ পাহারা বসানো হয়েছে।
