বৈদেশিক কর্মসংস্থান নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত
জনশক্তি রপ্তানিকারক বেশ কয়েকটি দেশের নীতিমালা পর্যালোচনা করে দেশের বৈদেশিক কর্মসংস্থান নীতিমালা চূড়ান্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বাংলাদেশী নাগরিকদের বিদেশে নিয়োগ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মেজর (অব.) মো. কামরুল ইসলাম এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদার বৈঠকে অংশ নেন।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে জনশক্তি রপ্তানির কার্যক্রমকে আরও গতিশীল, সুষ্ঠু ও লাভজনক এবং বিদেশে কর্মরত ও গমনেচ্ছু কর্মীদের হয়রানি রোধ ও কল্যাণ নিশ্চিত করাসহ অবৈধভাবে বিদেশে লোক পাঠানোর ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
