সাফটাকে যাতে সাপটার মতো পরিণতি বরণ করতে না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে: মোর্শেদ খান
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান বলেছেন, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) কেও যাতে দক্ষিণ এশীয় অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তির (সাপটা) মতো একই পরিণতির শিকার হতে না হয় সে ব্যাপারে সার্কভুক্ত দেশগুলোকে নিশ্চয়তা দিতে হবে ।
তিনি বলেন, বর্তমানে প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে, সদস্য দেশগুলো সাফটার চেয়ে দ্বিপাক্ষিক এফটিএ চুক্তির ব্যাপারে বেশি আগ্রহী। এতে করে গত বছর ইসলামাবাদে যে চুক্তির খসড়া স্বাক্ষরিত হয়েছিল, ২০০৬ সালের জানুয়ারিতে যা কার্যকর হবার কথা রয়েছে, তার অগ্রগতি ব্যাহত হবে। তবে মোর্শেদ খান বলেন, ‘দুটোর কোনওটিই আমরা প্রত্যাখ্যান করছি না। সাফটা এবং এফটিএ দুই প্রক্রিয়ার সহাবস্থান সম্ভব।’
রাজধানীতে এক সেমিনারে মোর্শেদ খান সাংবাদিকদের বলেন, যথাসময়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক না হওয়ায় এটি বিলম্বিত হতে পারে। ১৩ তম সার্ক শীর্ষ সম্মেলন পিছিয়ে যাওয়ার কারণেই এ বিলম্ব ঘটছে।
সাউথ এশিয়ান সেন্টার ফর পলিসি স্টাডিজ (এসএসিইপিএস) এবং সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) যৌথভাবে ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার উন্নয়ন: ঢাকা শীর্ষ সম্মেলনের ইস্যুসমূহ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
ভারতীয় পার্লামেন্ট সদস্য ও এসএসিইপিএস’র চেয়ারম্যান রাজিয়া সাবাহ’র সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অধ্যাপক ড. অর্জুন সেনগুপ্ত, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান, সিপিডি’র চেয়ারম্যান রেহমান সোবহান এবং নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টচার্য।
মোর্শেদ খান সতর্ক করে দিয়ে বলেন যে, অখণ্ড বাজার ব্যবস্থার মাধ্যমে কোনও দেশ কোনঠাসা অবস্থায় পড়বে না, আঞ্চলিক অর্থনীতি মান সম্পন্ন হবে এবং বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর অর্থনীতি আরও শক্তিশালী হবে এ ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে ।
তিনি বলেন, সাফটা কার্যকর হওয়ার আগে শুল্কমুক্ত বাধার ব্যাপারেও আরও আলোচনা হওয়া দরকার। মুক্ত বাণিজ্য এলাকা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাণিজ্যিক সুযোগসুবিধা সংক্রান্ত আরও যথযথ পদক্ষেপ নিতে হবে। এ প্রসঙ্গে তিনি সদস্য দেশগুলোর পণ্যের ব্যাপারে ব্যবহারিক সেনসিটিভ লিস্টের ওপরও গুরুত্ব আরোপ করেন।
বর্তমানে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা সংক্রান্ত চারটি চুক্তি আলোচনাধীন রয়েছে। এর মধ্যে কাস্টমস কোঅপারেশন ও দ্বৈতকর এড়ানো সংক্রান্ত দুটি চুক্তি মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রী জানান, বিনিয়োগ ও নিষ্পত্তি সংক্রান্ত বাকি দুটি চুক্তিও ১৩ তম সার্ক সম্মেলনে সম্পাদন করা হবে।
দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সমুদ্র ও স্থলবন্দর ব্যবস্থার আরও উন্নয়ন এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারেও তিনি আলোকপাত করেন।
পররাষ্ট্রমন্ত্রী ২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত সময়কে দারিদ্র দূরীকরণের প্রস্তাবিত দশক হিসেবে উল্লেখ করেন। দারিদ্র দূরীকরণ আলোচনায় অগ্রাধিকার পাবে বলে তিনি জানান।
সেমিনারে অধ্যাপক অর্জুন সেনগুপ্ত ভারত ও বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটি যেহেতু কোনও সাধারণ বিষয় নয়, এ খেলার মাধ্যমে দু’পক্ষই প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে পারে।
দক্ষিণ এশিয়া একশ’ চার কোটি মানুষের একটি বাজার এবং এখানে ৪৫ কোটি মধ্যবিত্ত ক্রেতা রয়েছে। মোট জিডিপির পরিমাণ ষাট হাজার পাঁচশ’ কোটি ডলার। এ অঞ্চলে গড় জিডিপি ২০০৩ সালে ছিল পাঁচশ’ ১০ ডলার। যেখানে উন্নয়নশীল দেশগুলোর গড় এক হাজার দুশ’ ৮০ ডলার।
সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণ এশিায়ার ৭ থেকে ৯ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন। যেখানে আসিয়ান-এ অন্তঃআঞ্চলিক বাণিজ্য ২৭ দশমিক ৮ শতাংশ, নাফটায় ৪৬ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নে তা ৬২ শতাংশ, সেখানে দক্ষিণ এশিয়ায় তা মাত্র ৪ দশমিক ২ শতাংশ। সরাসরি বৈদেশিক বিনিয়োগের মাত্র এক শতাংশ আসে দক্ষিণ এশিয়ার এই দেশগুলোয় এবং অনুরূপভাবে পর্যটকদের মাত্র এক শতাংশ ব্যাপক দারিদ্র্য, অশিক্ষা ও প্রায়শঃ দুর্যোগ আক্রান্ত এ অঞ্চল ভ্রমণ করে।
