২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান দুটি ডিসি ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শিগগিরই দুটি ডিসি ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে। ১ জুলাই চট্টগ্রামে বিমানের একটি ডিসি ১০ এবং গত বছর সিলেটে বিমানের আরেকটি এফ ২৮ উড়োজাহাজ দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজ সংকট কাটিয়ে উঠতে বিমান কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 05:39 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়ে বিডিনিউজকে জানান, জরুরি ভিত্তিতে একটি বা দুটি ডিসি ১০ সংগ্রহের জন্যে এরই মধ্যে আর্ন্তজাতিক দরপত্র খোলা হয়েছে। উড়োজাহাজ সংকটের কারণে বিমানকে এখন ফ্লাইট শিডিউল রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে চট্টগ্রামে দুর্ঘটনার শিকার ডিসি ১০ উড়োজাহাজটি ব্রিটিশ বীমা প্রতিষ্ঠান লয়েড ইন্সুরেন্স কোম্পানি অনানুষ্ঠানিকভাবে পরিত্যক্ত বা স্ক্র্যাপ ঘোষণা করেছে। বীমা বাবদ উড়োজাহাজটির লিজিং প্রতিষ্ঠান ফরাসী প্যাগাসাস কোম্পানি প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার পাবে। উড়োজাহাজটির দাম হিসেবে ১৫ মিলিয়ন ডলার তারা কেটে রেখে দিলে বীমার টাকা থেকে বিমান পাঁচ মিলিয়ন ডলার পেতে পারে।

একটি সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে স্ক্র্যাপ ঘোষণার পর বিমানকে ওই পাঁচ মিলিয়ন ডলার দেওয়ার শর্তে প্যাগাসাস আবারো তাদের কাছ থেকে একটি ডিসি ১০ লিজ নেওয়ার প্রস্তাব দিয়েছে। এ নিয়ে এখন চলছে দুপক্ষের দরকষাকষি।

বিমান ২০০২ সালে প্যাগাসাস কোম্পানির কাছ থেকে দুটি ডিসি ১০ উড়োজাহাজ (একটি দুর্ঘটনা কবলিত) লিজ নেয়। তিন বছরের জন্যে নেওয়া লিজের মেয়াদ আছে আর মাত্র পাঁচ মাস। লিজ মানি বাবদ বিমানকে বছরে প্রায় ১০ মিলিয়ন ডলার (৬০ কোটি টাকা ) পরিশোধ করতে হয়। ডিসি ১০ উড়োজাহাজের প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্কিন ম্যাকডোনালস ডগলাস কর্পোরেশন ৩০ বছরের পুরোনো ডিসি ১০ দুটি ১২ মিলিয়ন ডলার করে বিক্রি করেছিলো।

বিশ্বের তিনটি মহাদেশের ২৬টি দেশে এবং দেশের ভেতরে সাতটি গন্তব্যে বিমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাচ্ছে। বিমানের বহরে এখন পাঁচটি ডিসি ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ ২৮ সক্রিয় রয়েছে।