২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল স্থলবন্দর টানা ১৪ দিন ধরে অচল

বন্দর ব্যবহারকারী ধর্মঘটী পাঁচটি সংগঠনের সাথে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের দু’দফা বৈঠক হলেও অচলাবস্থার নিরসন হয়নি। বুধবার ধর্মঘটের ১৪ দিন অতিবাহিত হচ্ছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 02:26 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এদিকে মঙ্গলবার ঢাকায় ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবারের মধ্যে দাবি দাওয়া মানা না হলে দেশের সকল বন্দর শনিবার থেকে অচল করে দেয়া হবে।

সূত্র জানায়, এ বৈঠকে ঢাকা, চট্টগ্রাম, মংলা ও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই দিনই বেনাপোল বন্দরের অচলাবস্থা নিরসনে ফেডারেশনের মহাসচিব একেএম আকতার হোসেন স্বাক্ষরিত একটা আবেদনপত্র জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয়েছে। পত্রে তিন দিনের মধ্যে বেনাপোল বন্দরে অচলাবস্থা নিরসনে পদক্ষেপ নেওয়ার  আহ্বান জানানো হয়।

বন্দর ব্যবহারকারী ও ধর্মঘটীদের সূত্র জানায়, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ পাঁচটি সংগঠন ১২ দফা দাবিতে বন্দরে লাগাতার ধর্মঘট পালন করে আসছে।

গত শনি ও রোববার ধর্মঘটীদের সাথে বেনাপোল কাস্টমসের ভারপ্রাপ্ত কমিশনার আতিকুর রহমান খানের দ্বি--পাক্ষিক এক বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু দু’দিনে প্রায় ৯ ঘন্টা বৈঠকে তারা কোন সমঝোতায় আসতে না পারায় গত ১৪ দিন ভারত থেকে কোন মালবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। একারণে থমকে গেছে কয়েক কোটি টাকার রাজস্ব আয়।

এ ব্যাপারে কাস্টমস কমিশনার (ভারপ্রাপ্ত) বিডিনিউজকে জানান, জুলাই মাসে তাদের রাজস্ব আয় হয়েছে ৯৫ কোটি ৭৫ লাখ টাকা। তিনি ধর্মঘটীদের দাবি দাওয়া সম্পর্কে বলেন, এগুলো বড় ধরনের কোনও সমস্যা নয়। আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব।

এদিকে বেনাপোল বন্দরে ধর্মধটের কারণে পেট্রাপোলে কয়েক শ’ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

বন্দর সচল থাকলে প্রতিদিন গড়ে এ বন্দরে ৪শ’ থেকে সাড়ে শ’ পণ্যবাহী ট্রাক প্রবেশ করত।

এসব বিষয়ে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে, কাস্টমস কর্তৃপক্ষ আমাদের ন্যায়সঙ্গত দাবি মানছেন না। এ সব দাবি পূরণ করতে রাজস্ব বোর্ডের অনুমোদনের প্রয়োজন হয় না। এসব সমস্যার সমাধান করতে শুধুমাত্র কাস্টমস কমিশনারের সদিচ্ছাই যথেষ্ট।