২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক ডিসঅনার মামলায় বিদিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মালিকাধীন রংপুরের কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক এইচএম গোলাম রেজার দায়ের করা চেক ডিসঅনার মামলায় বুধবার বিদিশার বিরুদ্ধে গ্র্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের দিলখুশা শাখায় এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশার দেওয়া ২ কোটি ১৩ লাখ টাকার চেক ডিসঅনারের অভিযোগে গোলাম রেজা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সমপরিমাণ অর্থের এ মামলা দায়ের করেন।

১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্র্যুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা এ মামলার বিবরণীতে বলা হয়, গোলাম রেজা কোল্ড স্টোরেজ এবং ইএম করপোরেশন পরিচালনার জন্যে বিদিশাকে ধার বাবদ ২০০২, ২০০৩ এবং ২০০৪ সালের বিভিন্ন সময়ে পে-অর্ডার ও নগদ অর্থ মিলিয়ে মোট ২ কোটি ১৩ লাখ টাকা দেন।

ধার নেওয়া টাকা পরিশোধের জন্যে বিদিশা আবেদনকারিকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের দিলখুশা শাখার একটি চেক প্রদান করেন। কিন্তু অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ডিসঅনার হয়।

পরবর্তীতে এ বছরের ১৫ এপ্রিল ও ২৯ জুন ওই চেকটি পুনরায় ব্যাংকে উপস্থাপন করা হলে তখনও ডিসঅনার হয়। ৯ জুলাই বিদিশাকে উকিল নোটিশ দিয়ে টাকা পরিশোধের অনুরোধ করা হয়। কিন্তু টাকা পরিশোধ না করে তাকে উল্টো হুমকি দেওয়া হয় বলে গোলাম রেজা উল্লেখ করেন।

গত জুলাই মাসে বিদিশা নিজে বাদি হয়ে ঢাকার একটি যুগ্ম জেলা জজ আদালতে এ চেকগুলো যাতে গোলাম রেজা বা এরশাদ তার বিরুদ্ধে ব্যবহার করতে না পারেন, সে মর্মে একটি দেওয়ানি মামলা করেছিলেন। সে মামলায় বিচারক বিবাদির ওপর কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

মহানগর হাকিম মিজানুর রহমান বুধবার চেক ডিসঅনারের এ মামলার বাদি গোলাম রেজার জবানবন্দি গ্রহণ করেন ।

এদিকে বিদিশা বুধবার সকালে বিয়ে প্রতারণা মামলায় ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে নির্ধারিত শুনানির দিন হাজিরা দেন।

চেক ডিসঅনার মামলাসহ এ পর্যন্ত বিদিশার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে চারটিতে তিনি জামিনে রয়েছেন।