২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নলকূপ নয় হুগলি নদী থেকে পানি সরবরাহে বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশ

নলকূপ খনন বন্ধ করে হুগলি নদী থেকে পানি সরবরাহের জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কলকাতার ভূগর্ভস্থ পানিতে বিপদজনক মাত্রায় আর্সেনিক দূষণ দেখা দেওয়ায় তিনি এ নির্দেশ দেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

নতুন পানি নীতির রূপরেখা বর্ণনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ দূষিত পানির কারণে রোগ সংক্রমণ মারাত্মকভাবে বিস্তার লাভ করছে। দুষণ প্রতিরোধের জন্য কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে পানীয় জল সরবরাহের উৎস হিসেবে নদীর পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, নদীর পানি দূষিত হলেও ভূগর্ভস্থ পানির মতো এতো বিপদজ্জনক নয়। 

আলীপুর, নিউ আলীপুর, বালিগঞ্জ ও পার্ক স্ট্রিটের বহুতল ভবনের বাসিন্দারা কর্পোরেশনের পানির বিকল্প হিসেবে টিউবওয়েলে জেনারেটর পাম্প লাগিয়ে উঁচু ছাদে সংরক্ষণাগার নিমার্ণ করে পানি সরবরাহ করে থাকেন। কলকাতা মেট্রোপলিটান উন্নয়ন কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের সতর্ক করে দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গ ও পাশ্ববর্তী বাংলাদেশে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের মাত্রা নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক বেশি বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ গত দুই যুগ ধরে আন্তর্জাতিক সহায়তা নিয়ে আর্সেনিক দূষণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্ত খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি।

পশ্চিমবঙ্গে ভূগর্ভস্থ বিষাক্ত পানির মাধ্যমে প্রায় এক কোটি লোক সংক্রমিত হয়েছে বলে জানা গেছে।

বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, নদীর পানি ব্যবহারের পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ করে উদ্ভূত সমস্যা মোকাবেলা করা কিছুটা সম্ভব।