তালিকাভূক্ত ১৭ কোম্পানিকে জরিমানা করেছে ডিএসই
চলতি বছরের জুন পর্যন্ত অর্ধ বার্ষিক অর্থনৈতিক বিবরণ জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার তালিকাভূক্ত ১৭টি কোম্পানিকে জরিমানা করেছে।
ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ বিডিনিউজকে বলেন, নিবন্ধন নীতিমালা মেনে চলতে ব্যর্থ কোম্পানিগুলোকে আমরা নোটিস পাঠিয়েছি।
ডিএসই যতদ্রুত সম্ভব কোম্পানিগুলোকে তাদের প্রতিবেদন জমা দিতে বলেছে।
তিনি বলেন, এবার ১৭ টি কোম্পানি নীতিমালা পালন করতে ব্যর্থ হয়েছে। গত বছর ব্যর্থ কোম্পানির সংখ্যা ছিল ৬৫ টি। এবার এই সংখ্যা কমেছে।
নীতিমালা অনুসারে, নিবন্ধনকৃত কোম্পানিগুলো অর্ধবার্ষিকী মেয়াদের শেষ দিন থেকে এক মাসের মধ্যে তাদের অর্থনৈতিক বিবরণ প্রদান করবে।
অর্থনৈতিক বিবরণ জমা দিতে ব্যর্থ হওয়ার পর প্রতিদিনের জন্য প্রত্যেক কোম্পানিকে ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে। ৩১ জুলাই ছিল অর্থনৈতিক বিবরণ জমা দেবার শেষ দিন।
জরিমানার শিকার কোম্পানিগুলো হচ্ছে, বাংলাদেশ হোটেল লিঃ, বাংলাদেশ ডাইং, বিডি থাই অ্যালুমিনিয়াম, বীচ হ্যাচারী লিঃ, বিইএমসিও লিঃ, বায়োনিক সী ফুডস লিঃ, বিএলটিসি, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ, লিগ্যাসি ফুটওয়্যার লিঃ, ম্যাক পেপার, মেঘনা শ্রিম্প লিঃ, পদ্মা প্রিন্টার্স লিঃ, প্রাইম ইন্স্যুরেন্স কো লিঃ, রূপালী ব্যাংক লিঃ, সালেহ কার্পেট মিলস লিঃ, শ্রীপুর টেক্সটাইল লিঃ এবং ওয়াটা কেমিক্যালস লিঃ।
