ভারত উত্তর-পূর্ব রাজ্যগুলোতে ব্যাংকিং খাত উন্নয়নে সম্মত হয়েছে
বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্র“পের বৈঠকের প্রথম দিনে সোমবার ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সুবিধা বৃদ্ধির জন্য উত্তরপূর্বাঞ্চলে ব্যাংকিং খাতের উন্নয়নে সম্মত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়াস আহমেদ বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ব্যাংকিং খাত যথেষ্ট উন্নত নয়। ব্যাপারটি বাণিজ্যের জন্য সুবিধাজনক নয়।
অন্যদিকে ভারতের ১১ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এমভিপিসি শাস্ত্রী।
এছাড়াও বৈঠকে শুল্ক বহির্ভূত বাধা অপসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির চূড়ান্তকরণ নিয়েও আলোচনা করা হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইলিয়াস আহমেদ বলেন, ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিভিন্ন ব্যাংকের মাত্র ১৬ টি শাখা রয়েছে। যা ক্রমবর্ধমান বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য অত্যন্ত অপ্রতুল।
বৈঠকে বাংলাদেশী প্রতিনিধি দলের অপর এক সদস্য বলেন, আগামী দিনগুলোতে এ সমস্ত রাজ্যগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পাবে, সেহেতু আমরা ভারতীয় দলকে ওই সমস্ত এলাকায় ব্যাংকিং সুযোগ-সুবিধা আরও বাড়াতে বলেছি। ভারত এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদের আশ্বস্ত করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের রপ্তানীকারকরা ভারতে তাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে ওয়্যারহাউজের অভাব, ভারতীয় বন্দরে প্রবেশের মুখে টেস্টিং ল্যাবরেটরির অভাব, অতিরিক্ত পরীক্ষা, লেবেলিং সমস্যা এবং পরিবহণসহ অবকাঠামো সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বিডিনিউজকে জানান, আমরা তাদের দাবি অনুযায়ী ভারতের কাছে ১০ টি টেস্টিং ল্যাবরেটরির তালিকা জমা দিয়েছি। উভয় দেশের বাণিজ্য সম্পর্কোন্নয়নে ওই সমস্ত ল্যাবরেটরি প্রদত্ত সনদ ভারত স্বীকৃতি প্রদান করবে বলে আমরা আশা করছি।
ইলিয়াস আহমেদ বলেন, আমাদের টেস্টিং সনদের স্বীকৃতির পূর্বে ভারতীয় প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ স্ট্যাণ্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) এবং সায়েন্স ল্যাবরেটরি পরিদর্শন করবে।
অন্যদিকে, ভারত বাংলাদেশকে স্থল বন্দরের মাধ্যমে সুতা, চিনি, মাছ এবং কাপড় রপ্তানির ক্ষেত্রে শুল্ক
বহির্ভূত বাণিজ্য বাধা অপসারণের দাবি জানিয়েছে।
আলোচনা মঙ্গলবার পুনরায় শুরু হবে। এ সময়ে উভয় পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি এবং স্থল কাস্টমস স্টেশনগুলোতে অবকাঠামো সুবিধার উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে উভয় দেশর মধ্যে দুইবার যৌথ ওয়ার্কিং গ্র“পের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে ২০০৩ সালের অক্টোবরে ঢাকায় এবং দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় ২০০৪ সালের মার্চ মাসে দিল্লিতে।
