কলাপাড়ায় নৌবাহিনী সদস্যদের হাতে বরফকল ম্যানেজার লাঞ্ছিত, বরফ উৎপাদন বন্ধ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বরফ কল মালিক সমিতি সোমবার দুপুর থেকে আলীপুর ও মহিপুরে বরফ উৎপাদন এবং বিপনন বন্ধ ঘোষণা করেছে।
ওইদিন সকালে নৌবাহিনীর সদস্যদের হাতে এক বরফকল ম্যানেজার লাঞ্ছিত হওয়ায় প্রতিবাদে মালিক সমিতি এ সিদ্ধান্ত গ্রহণ করে।
সকাল নয়টার দিকে নৌবাহিনীর চার সদস্য জাটকা মাছ রাখার অভিযোগে সুগন্ধা আইসপ্ল্যান্টে অভিযান চালায়। এ সময় ম্যানেজার কলিমউল্লাহর সাথে নৌবাহিনীর সদস্য জিয়াউর রহমানের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নৌ বাহিনীর সদস্যরা কলিমউল্লাহকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এ ঘটনা জানাজানি হলে দুপুরের দিকে মহিপুর-আলীপুর বরফ কল মালিক সমিতির কার্যালয়ে ঘটনার প্রতিবাদে দুপুর থেকে বরফ উৎপাদন এবং বিপনন বন্ধের ঘোষণা দেয়া হয়।
তবে স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের অনুরোধে বিকাল সাড়ে চারটা থেকে শুধু আড়তে আমদানি হওয়া মাছ রক্ষায় বরফ সরবরাহ করা হয়। জেলেদের মাঝে বরফ বিক্রি এবং সরবরাহ বন্ধ রয়েছে।
অন্যদিকে, নৌবাহিনীর সদস্যরা জানান, মৎস্য সমিতির সভাপতির উপস্থিতিতে জাটকা অভিযান চালানো হয়েছে এবং এটি জানার পর তারা অভিযান চালাতে যায়। তবে কাউকে লাঞ্ছিত করার কথা তারা অস্বীকার করেন।
