২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অচলাবস্থার নিরসন হয়নি, ধর্মঘটীদের দাবি মানা না হলে ৭ দিন পর হরতাল

বেনাপোল বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠনের আহ্বানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শেষ পর্যন্ত ধর্মঘটে রূপ নিয়েছে। ধর্মঘটীরা সোমবার তাদের ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে কাস্টমস এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বন্দরের অচলাবস্থা ১২ দিন ধরে চলছে। ধর্মঘটী সংগঠনগুলো জানায়, আগামী সাত দিনের মধ্যে দাবি না মানা হলে হরতাল কর্মসূচি দেওয়া হবে।

এদিকে, কাস্টমস কর্তৃপক্ষ গত দু’দিনে বন্দর ব্যবহারকারীদের সাথে দফায়  দফায় বৈঠক করলেও শেষ পর্যন্ত কোনও সমাধানে পৌঁছতে পারেনি।

লাগাতার ১২ দিনের ধর্মঘটে বেনাপোল দিয়ে ভারতের সাথে বাংলাদেশের সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। গত দুদিনে সাত ট্রাক ইলিশ রপ্তানি না হতে পেরে বেনাপোল থেকে ফিরে গেছে। এ পর্যন্ত ১২ ট্রাক ইলিশ রপ্তানি করা যায়নি। এ অচলাবস্থার কারণে শুধু কাস্টমস হাউজ থেকে সরকারকে ২০ কোটি টাকার রাজস্ব হারাতে হয়েছে।

ধর্মঘটীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে পণ্য বোঝাই ট্রাক ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশের সময় তিনবার ওজন পরীক্ষা করার প্রথা বাতিল, সরকারি নিয়ম অনুযাযী পিএসআই পণ্যের ১০ শতাংশ কায়িক পরীক্ষা করা।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অ্যাসোসিয়েশন সভাপতি আলহাজ্ব শামছুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাইরুজ্জামান মধু, পরিবহন মালিক সমিতির সভাপতি কামাল হোসেন, সম্পাদক আ. মজিদ মন্টু, সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারি ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হবি, সম্পাদক লুৎফর রহমান, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. কাদের প্রমুখ।