তেল ও খাদ্যের মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি সত্ত্বেও অর্থনীতি স্থিতিশীল: এডিবি
তেল ও খাদ্যের মূল্য বৃদ্ধি এবং ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি সত্ত্বেও শিল্প এবং সেবাখাতের উন্নয়ন অব্যাহত থাকায় বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে।
এডিবির ত্রৈমাসিক অর্থনৈতিক প্রতিবেদন জুন ২০০৫ প্রকাশকালে রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের এ সাফল্য ধরে রাখতে শাসনব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের উন্নয়ন ঘটাতে হবে।
এডিবির প্রতিবেদনে বলা হয়, রফতানি বাজার ধরে রাখতে লিড টাইম কমানোসহ পোশাকশিল্প সংক্রান্ত সামাজিক বিধিগুলোর যথাযথ বাস্তবায়ন ঘটাতে হবে।
সংবাদ সম্মেলনে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হুয়া ডু শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রতিষ্ঠানের অর্থনীতিবিদ রেজাউল করিম খান ত্রৈমাসিক অর্থনৈতিক প্রতিবেদন পেশ করেন।
২০০৫ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয় ৫ দশমিক ৪ শতাংশ, যা আগের বছর ছিল ৬ দশমিক ৩ শতাংশ। ২০০৪ সালের জুলাই-সেপ্টেম্বরের বন্যার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির এ অবনমন ঘটেছে বলে এডিবি জানায়।
হুয়া ডু তার বিবৃতিতে বলেন, তেলের মূল্য বৃদ্ধির ফলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য হুমকির মুখে পড়েছে ও পরিবীক্ষণ নীতির সম্প্রসারণ অব্যাহত রয়েছে এবং মুদ্রার বিনিময় হার চাপের মধ্যে পড়েছে।
এডিবি’র প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় ২০০৫ অর্থবছরে তেল আমদানির হার ৫৪ শতাংশ বেড়েছে। মূল্যবৃদ্ধির কারণে অন্যান্য পণ্য আমাদনির ক্ষেত্রে প্রায় ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বাড়তি মূল্য পরিশোধ করা হচ্ছে এবং এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়ছে।
এডিবি জানায়, খাদ্যের উচ্চমূল্য ও তেলের মূল্য বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি অব্যাহত রয়েছে। ২০০৫ সালের জানুয়ারিতে মুদ্রাস্ফীতি ছিল ৫ দশমিক ৫ শতাংশ। মে মাসে তা বেড়ে দাঁড়ায় ৬ দশমিক ৬ শতাংশ।
এডিবি আরও জানিয়েছে, গত অর্থবছরে রাজস্ব আয় ১০ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি সত্ত্বেও বছর শেষে তা সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়। জিডিপি ও রাজস্বের মধ্যে ভারসাম্য আনার জরুরি প্রয়োজন রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে সরকারি বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
২০০৫ অর্থবছরে জিডিপির পরিমাণ ছিল ৪ দশমিক ৫ শতাংশ। রাজস্ব আয়ের গতি ধরে রাখতে না পারায় বাৎসরিক ঘাটতি প্রকল্প ব্যয় বরাদ্দের চেয়ে ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে যায়।
এডিবি জানায়, বিশেষ করে সেবা, শিল্প ও কৃষি খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত থাকার বিষয়টি স্পষ্টতই পরিলক্ষিত হচ্ছে। ২০০৫ অর্থবছরে সেবাখাতে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৬ শতাংশ নির্ধারণ করা হয়, যা আগের অর্থবছরে ছিল ৫ দশমিক ৭ শতাংশ। ২০০৫ অর্থবছরে সর্বোপরি শিল্প উৎপাদন খাতে প্রবৃদ্ধির হার ৮ দশমিক ৭ শতাংশ নির্ধারণ করা হয়, যা আগের অর্থবছরে ছিল ৭ দশমিক ৬ শতাংশ।
এ প্রবৃদ্ধিতে রফতানিভিত্তিক উৎপাদন প্রক্রিয়া এবং এর সহায়ক উপকরণগুলো ব্যাপক ভূমিকা রেখেছে। এগুলোর মধ্যে রয়েছে-নির্মাণ এবং সংশ্লিষ্ট খাতসমূহ যেমন-বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ।
এডিবি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগের বছরের মতো ২০০৫ অর্থবছরের প্রথম ১১ মাসে রফতানি ১৫ শতাংশ বৃদ্ধি পায়। কিন্তু আগের অর্থবছরে যেখানে আমদানি ছিল ১৩ দশমিক ১ শতাংশ, সেখানে ২০০৫ অর্থবছরের প্রথম দশ মাসে তা বেড়ে দাঁড়ায় ২৬ দশমিক ৬ শতাংশ। কোটা পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় নীতিগত উদ্যোগ এবং অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলেও এডিবি উল্লেখ করেছে।
এডিবি আরও উল্লেখ করেছে, বেসরকারি খাতের উন্নয়ন সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মূল চালিকাশক্তি। যে কারণে অবকাঠামো, নীতিমালা, বিধিবিধান এবং প্রশাসনিক ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন।
