পাংশায় ডাকাতদের হাতে গ্রামপুলিশ খুন
রাজবাড়ি জেলার পাংশা পৌরসভার মুগিডাঙ্গা গ্রামে শনিবার গভীর রাতে একদল ডাকাত ডাকাতি শেষে আব্দুল রাজ্জাক (৫০) নামে এক গ্রাম পুলিশকে বেধড়ক পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
পাংশা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত কালিকাপুর ইউনিয়নের মৃগীডাঙ্গা গ্রামের গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাককে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ ২০/২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ডাকাতি শেষে ডাকাতরা আব্দুর রাজ্জাককে পুকুর পাড়ে নিয়ে বেধড়ক পেটানোর পর শ্বাসরোধ করে মেরে ফেলে। পরে একটি গাছের সাথে তাকে বেঁধে রেখে চলে যায়।
পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে পাংশা থানায় মামলা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
