কুষ্টিয়ায় সঙ্গী হত্যার প্রতিবাদে অভিনব বিক্ষোভে হনুমানরা
কুষ্টিয়ার খোকসায় এক হনুমানকে কলা খাওয়ানের লোভ দেখিয়ে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় হনুমানরা।
কয়েকদিন ধরে ওই বন্যপ্রাণীরা দল বেধে সঙ্গী হত্যার প্রতিবাদে গ্রামে গ্রামে মহড়া দিচ্ছে।
গাছের ডাল-পালা ভেঙ্গে ফেলে প্রতিবাদ জানাচ্ছে হনুমানের দল। বন্য প্রাণীদের এই অভিনব প্রতিবাদের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত হনুমানদের বিক্ষোভ ও প্রতিবাদের মুখে প্রশাসন নড়েচড়ে উঠে হত্যাকারীকে খোঁজাখুজি শুরু করেছে। ঘাতক উজ্জ্বল গা ঢাকা দিয়েছে।
বন্য প্রাণী হনুমান হত্যাকান্ডের এ ঘটনায় গ্রামবাসীরাও ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা হত্যাকারীর শাস্তির জোড় দাবি জানিয়েছে।
জানা যায়, শনিবার সকালে খোকসা উপজেলার হিজলাবট গ্রামের মুদী দোকানি উজ্জ্বল (২৮) স্থানীয় নীলকুঠির তেতুঁল গাছে আশ্রয় নেওয়া দিগভ্রান্ত পাঁচটি হনুমানের মধ্যে একটিকে কলা খাওয়ানোর প্রলোভন দেখায় । এরপর ফাঁদ পেতে জালে আটকিয়ে পিটিয়ে ও ফাঁস দিয়ে হত্যা করে হনুমানটিকে। বাকি চারটি হনুমান এই নৃশংস দৃশ্য দেখে ছোটাছুটি করতে থাকে । মুহুর্তের মধ্যে আরও কয়েকটি হনুমান এসে গ্রামের পর গ্রাম দাবিয়ে বেড়াতে থাকে। এরা গাছের ডালপালা ভেঙ্গে, তছনছ করে সঙ্গী হত্যার প্রতিবাদ জানাতে থাকে । কিন্তু হত্যাকারী উজ্জ্বল গ্রামের কারো কথা না শুনে মৃত হনুমানটিকে পাশের গড়াই নদীতে ফেলে দেয়। পুলিশ-বিডিআর’র একটি দল ঘটনাস্থলে পৌঁছলে হত্যাকারি উজ্জ্বল পালিয়ে যায়। থানায় এ ব্যাপারে মামলা হয়েছে ।
প্রতি বছর বর্ষা মৌসুমে খোকসার বিভিন্ন এলাকায় কয়েক’শ হনুমান আশ্রয় নেয়। এবারও হিজলাবট, নীলকুঠিসহ আশপাশের এলাকায় প্রায় অর্ধশত হনুমান আশ্রয় নিয়েছে ।
