খুলনায় র্যাব-পরিবহন শ্রমিক সংঘর্ষ, তিনঘন্টা যানবাহন চলাচল বন্ধ
যানবাহনের কাগজপত্র পরীক্ষা এবং যাত্রী হয়রানির অভিযোগকে কেন্দ্র করে শনিবার খুলনায় বাস শ্রমিকদের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যদের সংঘর্ষ হয়েছে।
এসময় সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সকল রুটে প্রায় তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে র্যাব সদস্যরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পাইকগাছা রুটের কয়েকটি বাস থামিয়ে কাগজপত্র না থাকার অভিযোগে চারজন বাস ড্রাইভারকে মারধর করে। এসময় যাত্রী হয়রানিরও অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ বাস শ্রমিকরা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সকল রুটের যানবাহ চলাচল বন্ধ করে দেয়।
দুপুর ১২টার দিকে র্যাবের একটি টহল গাড়ি বাস টার্মিনালে আসলে বাস শ্রমিকরা র্যাবের ওপর হামলা চালায়। বাস শ্রমিকদের ইটপাটকেলের মুখে র্যাব সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। এসময় গোটা বাস টার্মিনাল রণক্ষেত্রে পরিণত হয়। ঘন্টা খানেক পর শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
